নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার এবং সম্মান গ্রহণ না করার ক্ষেত্রে সিপিএমের ‘পার্টি লাইন’ই মানছে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত ভিএস অচ্যুতানন্দনের পরিবার। পদ্মবিভূষণ সম্মান সম্ভবত ফিরিয়ে দিচ্ছে ভিএসের পরিবার। অচ্যুতানন্দনের ছেলে ভি অরুণ কুমার এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন যে, কেন্দ্রের পক্ষ থেকে তাঁরা এসংক্রান্ত বিষয়ে একটি চিঠি পেয়েছেন। কিন্তু এটি তাঁরা দলীয় নেতৃত্বের হাতেই ছাড়ছেন। কারণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মান এবং পুরস্কার গ্রহণ করা বা না করার ক্ষেত্রে সিপিএমের সুনির্দিষ্ট অবস্থান রয়েছে। প্রসঙ্গত, ২০০৮ সালে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ভারতরত্ন ফিরিয়ে দিয়েছিলেন। ২০২২ সালে পদ্মবিভূষণ সম্মান ফিরিয়ে দিয়েছিলেন বাংলার আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধবাবুর ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ঘোষণার দিনই সম্মান ফিরিয়ে দেওয়ার কথা জানিয়ে বিবৃতি জারি করেছিল সিপিএম। ১৯৯২ সালে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইএমএস নাম্বুরিপাদ পদ্মবিভূষণ ফিরিয়ে দিয়েছিলেন। ২০২২ সালে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা একইভাবে পার্টি লাইন মেনে ফিরিয়ে দেন রামন ম্যাগসাইসাই পুরস্কার।