• পুলিশের যাবতীয় বদলি প্রক্রিয়া ১৫ তারিখের মধ্যে, নির্দেশ কমিশনের
    বর্তমান | ০৮ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী বিধানসভা ভোটের জন্য ১৫ ফেব্রুয়ারির মধ্যে রাজ্য ও কলকাতা পুলিশের সমস্ত বদলি প্রক্রিয়া শেষ করতে হবে। শুক্রবার নির্বাচন কমিশন এক চিঠিতে রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে এই নির্দেশ দিয়েছে। তারপরই নির্বাচন কমিশনের নির্দেশ মেনে রাজ্য পুলিশের এডিজি (লিগাল) আনন্দ কুমার এই সংক্রান্ত একটি লিখিত নির্দেশিকা জারি করেছেন। তাতে বলা হয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে পুলিশের বদলি এবং নতুন পদে যোগদানের কাজ শেষ করতেই হবে। 

    শনিবারই এই লিখিত নির্দেশিকার কপি কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) মিরাজ খালিদের পাশাপাশি রাজ্যের সব জেলা ও পুলিশ জেলার এসপি, সমস্ত রেঞ্জের ডিআইজি, আইজি, আইজি’কে (আইন শৃঙ্খলা) পাঠানো হয়েছে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, নির্দেশ কার্যকর করার পর তা ১৬ ফেব্রুয়ারি রিপোর্ট আকারে কমিশনকে দিতে হবে।

    রাজ্য পুলিশ প্রশাসনের এক সূত্র জানাচ্ছে,  ইতিমধ্যেই কলকাতা ও রাজ্য পুলিশের প্রায় সবস্তরে সিংহভাগ বদলির কাজ শেষ। তবে পূর্ব মেদিনীপুর জেলার এসপি পদ এখনও ফাঁকা। তেমনিই কলকাতা পুলিশের ডিসি (এসইডি) সহ কয়েকটি পদে রদবদল বাকি। বিধানসভার অধিবেশনের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর মামলা নিয়ে সুপ্রিম কোর্টে ব্যস্ত থাকায় এই রদবদল করা যায়নি। চলতি সপ্তাহেই এই বাকি রদবদল সেরে  ফেলা হবে বলে জানা গিয়েছে। 
  • Link to this news (বর্তমান)