নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাটুলি থানা এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে শুক্রবার রাতে ও শনিবার ভোরে অভিযুক্ত দুই যুবককে পাকড়াও করেছে পুলিশ। পকসো মামলার বিশেষ সরকারি আইনজীবী মাধবী ঘোষ বলেন, ধৃতদের নাম আকাশ হালদার ও প্রদীপ মণ্ডল। আরেক অভিযুক্ত পলাতক। তার খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। এদিন ধৃতদের আলিপুরের বিশেষ পকসো আদালতে হাজির করা হয়। ভারপ্রাপ্ত বিচারক সঞ্জীব আমবস্তা ধৃতদের ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দেন। তিনি জানান, কিশোরীর মেডিক্যাল করানো হলেও তার মেডিকো লিগ্যাল ও গোপন জবানবন্দির আবেদন এদিন মঞ্জুর করেছে আদালত। ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণ ও পকসো আইনে মামলা দায়ের করা হয়।
সরকারি আইনজীবী জানান, গত ২২ জানুয়ারি গণধর্ষণের ঘটনাটি হয়েছিল। গত ২৬ জানুয়ারি পাটুলি থানায় অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে ঘটনার তদন্তে নামে। এদিকে, ঘটনার পর থেকেই অভিযুক্তরা পালিয়ে বেড়াচ্ছিল। শেষ পর্যন্ত গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ শুক্রবার গভীর রাতে ও শনিবার ভোরে দুই অভিযুক্তকে পাকড়াও করতে সমর্থ হয়। আগামী সপ্তাহে আলিপুরের এক বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের (জেএম) কাছে নির্যাতিতা কিশোরীর গোপন জবানবন্দি দেওয়ার কথা। যদিও ধৃতদের তরফে এদিন আদালতে দাবি করা হয়, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।