• বাংলায় ৬৫ আসনে বাড়তি নজর কংগ্রেসের, ভোটের প্রচারে আসতে পারেন রাহুল–প্রিয়াঙ্কাও!
    এই সময় | ০৮ ফেব্রুয়ারি ২০২৬
  • অরিন্দম বন্দ্যোপাধ্যায়, নয়াদিল্লি

    পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে একাই লড়বে তারা— এই সিদ্ধান্ত নেওয়ার পরে এ বার রাজ্যের ভোট প্রচারে সর্বশক্তি প্রয়োগ করার লক্ষ্যেই এগোচ্ছে কংগ্রেস৷ সূত্রের দাবি, একেবারে শেষ মুহূর্তে বড় কোনও পরিবর্তন না হলে এ বার বাংলার ভোটের আগে রাজ্যে একাধিক জায়গায় জনসভা করতে পারেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী৷ তাঁদের সঙ্গে থাকতে পারেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীও৷

    মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী বলেছেন, ‘খাড়গেজি, রাহুলজি এবং প্রিয়াঙ্কা গান্ধীজির রাজ্য সফর ও জনসভা নিয়ে প্রস্তাব দিয়েছি আমরা৷ মধ্য কলকাতা, মালদা, মুর্শিদাবাদে সম্ভাব্য জনসভার কথাও হয়েছে৷ দলের শীর্ষ নেতৃত্ব এ বার ভোট প্রচারে রাজ্যে আসবেন, এমন সুনির্দিষ্ট আশ্বাসও পেয়েছি আমরা৷ তবে সফরের দিনক্ষণ এখনও স্থির হয়নি৷’

    রাজ্যের ২৯৪টি আসনের জন্য প্রার্থী বাছাইয়ের কাজও শুরু করে দিয়েছে কংগ্রেস হাইকম্যান্ড৷ কংগ্রেসের প্রথম সারির এক নেতার দাবি, ‘পশ্চিমবঙ্গে আমাদের দলের সম্ভাব্য প্রার্থী কারা হবেন, তা স্থির করতে গিয়ে সব থেকে বেশি জোর দেওয়া হবে সংশ্লিষ্ট ব্যক্তির ভোটে জেতার সম্ভাবনার উপরে৷ ভোটের আগে অন্যান্য দল থেকে আমাদের দলে আসবেন যাঁরা, সেই সব দলবদলুদের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য হবে৷ প্রার্থীদের স্বচ্ছ ভাবমূর্তি, বিশ্বাসযোগ্যতা এবং জনমানসে গ্রহণযোগ্যতা বড় ফ্যাক্টর হিসেবে বিবেচিত হবে৷’ দিল্লিতে কংগ্রেস সূত্রের দাবি, বাংলায় ৬৫টি আসন আলাদা করে চিহ্নিত করেছে হাইকম্যান্ড৷ এই আসনগুলিতে দলের ভালো ফল করার সম্ভাবনা আছে৷ এর মধ্যে আছে রাজ্যের সীমান্তবর্তী এলাকার বেশ কয়েকটি আসন৷ এ ছাড়াও থাকছে সংখ্যালঘু অধ্যুষিত কয়েকটি আসন৷ বিধানসভা ভোটের মাস দুয়েক আগে থেকে এই আসনগুলিতে বাড়তি ফোকাস করলে এর মধ্যে থেকেই অন্তত গোটা দশেক আসনে জয় আসতে পারে বলেই মনে করছে তারা৷

    সূত্রের দাবি, বাংলার বিধানসভা ভোটের প্রচারে মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, উত্তর ২৪ পরগনা এবং নদিয়া জেলায় বাড়তি দৃষ্টি দেওয়ার পরিকল্পনা করেছে শতাব্দী প্রাচীন দল৷ তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরে যাওয়া সাংসদ মৌসম নূরকে মালদায় ভোট প্রচারে বাড়তি দায়িত্ব দিতে পারে দল৷ আগামী সপ্তাহে সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্ব শেষ হওয়ার পরেই আরও একবার বাংলার প্রদেশ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে পারেন কংগ্রেসের হাইকম্যান্ডের প্রতিনিধিরা৷

  • Link to this news (এই সময়)