• কুলতলিতে তৃণমূল–বিজেপি সংঘর্ষ, গুরুতর আহত ২, এলাকায় উত্তেজনা
    এই সময় | ০৮ ফেব্রুয়ারি ২০২৬
  • দুয়ারে বিধানসভা ভোট। আর ভোটের দামামা বাজতেই রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। এ বার কুলতলির চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের সিকিরহাট এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়াল। জানা গিয়েছে, শনিবার সেখানে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষে দু’জন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় তৃণমূল ও বিজেপি দু’পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

    জানা গিয়েছে, শনিবার মৎস্যজীবীদের নিয়ে বিজেপি একটি সভার আয়োজন করেছিল। জয়নগর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি উৎপল নস্করের অভিযোগ, সেই সভা চলাকালীন তৃণমূল কর্মীরা সেখানে এসে হামলা চালান। বিজেপি কর্মী সুজিত সরকার গুরুতর আহত হন। এর পাশাপাশি তৃণমূলের পঞ্চায়েত সদস্য কমলেশ গায়েনও আহত হন। সুজিত সরকারকে কুলতলী থেকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

    অন্য দিকে, তৃণমূল নেতা পবন ভূঁইয়ার অভিযোগ, তৃণমূলের দলীয় পতাকা ঢেকে এলাকায় বিজেপি পতাকা লাগানো হচ্ছিল। তার প্রতিবাদ করতেই স্থানীয় পঞ্চায়েত সদস্য কমলেশ গায়েনকে মারধর করা হয়। এর পরেই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। আপাতত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নজরদারি বাড়ানো হয়েছে।

  • Link to this news (এই সময়)