অয়ন ঘোষাল: শেষ বেলায় জমিয়ে উত্তুরে হাওয়া। কলকাতায় পরপর দুদিন ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা নিচে। আরও তিন চার দিন শীতের আমেজ বজায় থাকবে সকালে ও রাতে। ঘন কুয়াশার সতর্কতা আপাতত আর নেই। জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। দক্ষিণবঙ্গে হালকা কুয়াশার সম্ভাবনা।
মাঘের শীতে ফেব্রুয়ারিতে এর আগেও ১৪ ডিগ্রির নিচে তাপমাত্রা ছিল কলকাতায়। গত পাঁচ বছরে ফেব্রুয়ারি মাসে কেমন ছিল পারাপতনের ইতিহাস।
*২০১৯ সালের ১ ফেব্রুয়ারি কলকাতার তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস।
**২০২০ সালের ৪ ফেব্রুয়ারি কলকাতার সর্বনিহিত তাপমাত্রা নেমেছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে।
***২০২১ সালের ২ ফেব্রুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১. ৫ ডিগ্রি সেলসিয়াস। (করোনা সমসাময়িক কাল ছিল।) এ যাবৎ কালে ১১.৫ ডিগ্রি সেলসিয়াসই সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় ফেব্রুয়ারি মাসে।
**২০২২ সালের ৬ ফেব্রুয়ারি কলকাতার তাপমাত্রা নেমেছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াসে।
***২০২৩ সালের ৪ ফেব্রুয়ারি কলকাতা তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াসে।
****২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি কলকাতার পারদ নেমেছিল ১৮.৪ ডিগ্রি সেলসিয়াসে।
সিস্টেম:
পশ্চিমী ঝঞ্ঝা হিমাচল প্রদেশ ও সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। জম্মু-কাশ্মীর ও সংলগ্ন এলাকায় আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে কাল ৯ ফেব্রুয়ারি।
দক্ষিণবঙ্গ:
দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের বেশ কিছুটা নিচে। উত্তুরে হাওয়ায় জমিয়ে শীতের আমেজ। শীত শেষের আগে আরও একবার শীতের উইক এন্ড স্পেল। কলকাতায় ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। উপকূলের ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে। পশ্চিমের জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি নেমে যেতে পারে। ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পশ্চিমের বেশিরভাগ জেলার তাপমাত্রা।
সকালের দিকে হালকা শিশির কিংবা কুয়াশা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া। আগামী ৭ দিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার কিছু অংশে। কলকাতা-সহ বাকি জেলাতে সকালের দিকে হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা।
উত্তরবঙ্গ:
উত্তরবঙ্গে সব জেলারই বেশ কিছু এলাকায় হালকা/মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা। আগামী তিন চার দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই। উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের নেই আগামী চার পাঁচ দিন। একই রকম আবহাওয়া থাকবে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের উপরের দিকে কালিম্পং-সহ সমতলের জেলাতে ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। মালদা-সহ নিচের দিকের জেলাতে ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা।
কলকাতা:
জমিয়ে শীতের আমেজ। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ২ ডিগ্রিরও বেশি নিচে। রাতে ও সকালে শীতের অনুভূতি বাড়ল। তিনবার হালকা শীতের আমেজ থাকবে। আজ রবিবারেও ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা।
শীতল হাওয়ায় নামল পারদ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো পরপর দুদিন ১৪ ডিগ্রিতে কলকাতা তাপমাত্রা। পরিস্কার আকাশ। সকালে হালকা শিশির/ কুয়াশার সম্ভাবনা। আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া। কাল থেকে সামান্য বাড়বে তাপমাত্রা। আগামী সপ্তাহে ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রা। তবে দু-তিন ডিগ্রির মধ্যেই সীমাবদ্ধ থাকবে তাপমাত্রার ওঠানামা।
কলকাতার তাপমান:
আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি । গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৩৫ থেকে ৮৩ শতাংশ।
ভিন রাজ্যে:
উত্তর-পশ্চিমের পার্বত্য এলাকায় আরও একটা ওয়েট স্পেল ৯ থেকে ১১ ফেব্রুয়ারি। সোমবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের বেশির ভাগ এলাকায়।