• গয়না নিয়ে বাড়ি ফিরছিলেন হাওড়ার স্বর্ণব্যবসায়ী, পথ আটকে মারধর, ছিনতাই
    এই সময় | ০৮ ফেব্রুয়ারি ২০২৬
  • স্বর্ণব্যবসায়ীর কাছ থেকে লক্ষাধিক টাকার গয়না ছিনতাই। শনিবার রাতে হাওড়ার উলুবেড়িয়ায় এই ঘটনা ঘটে। রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন ওই স্বর্ণব্যবসায়ী। সেই সময়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লক্ষাধিক টাকার গয়না ছিনিয়ে নিয়ে পালায় দুষ্কৃতীরা। অভিযোগ, পালানোর সময়ে শূন্যে এক রাউন্ড গুলিও ছোড়ে। শনিবার রাতে রাজাপুর থানার বাসুদেবপুর রামনগর এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে।

    ওই স্বর্ণব্যবসায়ীর নাম বিপ্লব ভুঁইঞা। রামনগর এলাকায় তাঁর সোনার দোকান। প্রতিদিনের মতোই শনিবার রাত ৯টা নাগাদ দোকান বন্ধ করে গয়না নিয়ে স্কুটিতে বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, বাড়ি থেকে অদূরেই এই ঘটনা ঘটে। চার জন দাঁড়িয়েছিল রাস্তায়।

    বিপ্লব স্কুটি নিয়ে আসতেই তাঁর পথ আটকায়। দুষ্কৃতীরা তাঁর কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হাতে থাকা গয়নার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময়ে দুষ্কৃতীরা শূন্যে গুলি চালায় বলে দাবি করেন বিপ্লব। রাতেই ঘটনাস্থলে পৌঁছয় রাজাপুর থানার পুলিশ। হাওড়া গ্রামীণ জেলা পুলিশ তদন্ত করছে। যদিও এই ঘটনায় রবিবার সকাল পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

    মাস দু’য়েক আগে উলুবেড়িয়া থানার ১১ ফটক এলাকায় একই ভাবে এক স্বর্ণব্যবসায়ীর কাছ থেকে সোনার গয়না লুঠ করা হয়। সেই ঘটনায় একজন গ্রেপ্তার হলেও এখনও পর্যন্ত খোয়া যাওয়া গয়না উদ্ধার হয়নি।

  • Link to this news (এই সময়)