• রাজস্থানে বহুতল-দুর্ঘটনায় মৃত্যু কোচবিহারের অনরণ্যের, হাসপাতালে ভর্তি মা
    এই সময় | ০৮ ফেব্রুয়ারি ২০২৬
  • রাজস্থানের কোটায় শনিবার ভেঙে পড়ে একটি বহুতল। ওই বিল্ডিংয়ে ছিল একটি ক্যাফেও। সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কোচবিহারের এক যুবকের। নাম অনরণ্য কর্মকার (১৮)। কোচবিহার শহরের ১৪ নম্বর ওয়ার্ডের পুরুষোত্তম পাড়ার বাসিন্দা ছিলেন তিনি। এই দুর্ঘটনায় তাঁর মা সুদীপ্তা কর্মকার গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি।

    স্থানীয় সূত্রে খবর, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য কোটায় পড়তে গিয়েছিলেন কোচবিহারের ওই যুবক। সেখানে গিয়েছিলেন তাঁর মা-ও। দুর্ঘটনার খবর পেয়ে রবিবার ভোরেই রাজস্থানে রওনা দেন অনরণ্যের বাবা অভিজিৎ কর্মকার। প্রতিবেশীরা জানান, তাঁর দিদি থাকেন মুম্বইয়ে। সেখানে নার্স হিসেবে কাজ করেন। কী ভাবে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয় তাঁদের কাছে।

    এক প্রতিবেশীর কথায়, ‘আজ সকাল সাড়ে ৭টা নাগাদ একজন ফোন করে জানান, কোটায় বহুতল ভেঙে পড়েছে, তাতেই অভিজিৎদার ছেলে মারা গিয়েছে। অভিজিৎদাও গিয়েছিলেন। ৪ বা ৫ ফেব্রুয়ারি ফিরেছেন কোচবিহারে। আমরা সকলে বাকরুদ্ধ।’

    শনিবার সন্ধেয় কোটায় জওহর নগর এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি বহুতল। তার ভিতরে একাধিক রেস্তোরাঁ, ক্যাফে ছিল বলে খবর। কোটা মেডিক্যাল কলেজ সূত্রে খবর, এই ঘটনায় ১০ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁদের মধ্যে দু’জন মৃত ছিলেন। দু’জন এখনও হাসপাতালে ভর্তি। বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে।

  • Link to this news (এই সময়)