• জমি বিবাদের জেরে দাদাকে পিটিয়ে খুনে অভিযুক্ত ভাই, পুন্ডিবাড়িতে চাঞ্চল্য
    আজ তক | ০৮ ফেব্রুয়ারি ২০২৬
  • Brother Murder Coochbehar: দীর্ঘদিনের জমি সংক্রান্ত পারিবারিক বিবাদের জেরে দাদাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল দুই ভাই ও তাঁদের ছেলেদের বিরুদ্ধে। রবিবার সকালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে পুন্ডিবাড়ি থানার অন্তর্গত পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েতের শকুনিবালা লোহারপুল সংলগ্ন এলাকায়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম নজরুল ইসলাম। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় তাঁর তিন ভাইয়ের সঙ্গে বসবাস করতেন। একটি নির্দিষ্ট জমির দখলকে কেন্দ্র করে ভাইদের মধ্যে বহুদিন ধরেই তীব্র বিবাদ চলছিল। রবিবার সকালে নজরুল ইসলাম ওই বিতর্কিত জমিতে নির্মাণকাজ শুরু করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

    অভিযোগ, সেই সময় নজরুলের দুই ভাই তফাজ্জল হক ও মোজাম্মেল হক এবং তাঁদের ছেলেরা নির্মাণকাজে বাধা দেন। প্রথমে বচসা শুরু হলেও অল্প সময়ের মধ্যেই তা হাতাহাতিতে গড়ায়। অভিযোগ অনুযায়ী, তর্কের মধ্যেই ধারালো অস্ত্র ও কাঠের বাটাম দিয়ে নজরুলের ওপর হামলা চালানো হয়।

    মারধরের জেরে গুরুতর জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন নজরুল ইসলাম। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পুন্ডিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই সংঘর্ষে অপর পক্ষের দু’জনও আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

    ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুন্ডিবাড়ি থানার ওসি রাহুল তালুকদারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় নতুন করে কোনও অশান্তি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

     
  • Link to this news (আজ তক)