মানিকচকে BJP-র পোস্টার লাগাচ্ছে বহিরাগতরা! গ্রেফতার উত্তরপ্রদেশের ২ বাসিন্দা
আজ তক | ০৮ ফেব্রুয়ারি ২০২৬
'পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার', ২০২৬ -এর বিধানসভা ভোটে বাংলার জন্য এই স্লোগান বেঁধে দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই পোস্টার লাগাতে এসে গ্রেফতার উত্তরপ্রদেশের দুই যুবক। ঘটনাটি ঘটেছে বাংলা বিহার সীমান্তে মালদার মানিকচকের সেখপুরা গ্রামে। তৃণমূলের দাবি, বিজেপির পোস্টার লাগানোর লোক নেই, তাই উত্তরপ্রদেশ থেকে লোক এনে পোস্টার লাগাচ্ছে। এভাবে বাংলা দখল করবে বিজেপি।
জানা গিয়েছে ধৃতদের বাড়ি উত্তরপ্রদেশে। রাতের অন্ধকারে বিজেপির পোস্টার লাগাতে গিয়ে স্থানীয়দের হাতে পাকড়াও দুই উত্তরপ্রদেশের যুবক। রাতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংখ্যালঘু এলাকাকে উত্তপ্ত করতে এই চক্রান্ত বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনার খবর পেয়ে দুই ব্যক্তিকে আটক করে মানিকচক থানার পুলিশ।
বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর । এবিষয়ে জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু বলেন, সাহস নেই, কারণ দিনের বেলায় পোস্টার মারতে গেলে গ্রামের মানুষ তাদের তো ধরে থানায় দেবে। বিজেপি SIR- এর নাম করে ভোটার লিস্ট থেকে নাম কাটতে চাইছে। তারা যদি আবার পোস্টার মারে তো তাদের পোস্টার বানিয়ে দেওয়ার দায়িত্ব বাংলার জনগণ নেবে। কাজেই চুরি করেই পোস্টার মারতে হবে। বিহার, ঝাড়খণ্ড ছাড়া তারা কর্মী পাবে কোথায়? এই বাংলায় বুথস্তরে কর্মী নেই। কর্মী নেই বলেই তাদের ব্যাকআপ আছে, নাম কেটে দিয়ে বিহারের মতো রাজ্য দখল করতে চাইছে, এদেরকে আমরা ধিক্কার জানাই।
এনিয়ে বিজেপি নেতা অভিজিৎ মিশ্র বলেন, ফেস্টুন বা পোস্টার লাগানোর দায়িত্ব পেয়েছে একটি মুসলিম এজেন্সি। তারা প্রতিটি বিধানসভায় যাচ্ছে এবং পোস্টার দিচ্ছে। এমনকি কোনও কথা আছে যে মুসলিম হলে বিজেপি করা যাবে না। মালদার মানিকচকের মানুষ এটা বুঝিয়ে দিল। তাদেরকে ধরে মারধর করা হয়েছে। এই ঘটনাকে আমরা ধিক্কার জানাই। তবে এইভাবে বিজেপিকে কখনও রোখা যায়নি, যাবে না। তৃণমূল কংগ্রেস ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এর প্রমাণ পাবে।