• অন্য যুবকের সঙ্গে বিয়ে ঠিক প্রেমিকার, শুনেই চরম সিদ্ধান্ত বডিবিল্ডারের, উদ্ধার ঝুলন্ত দেহ
    এই সময় | ০৮ ফেব্রুয়ারি ২০২৬
  • পেশায় ছিলেন জিম ট্রেনার। বডিবিল্ডার হিসেবে নামডাকও ছিল। কিন্তু প্রেমিকার বিয়ে ঠিক হওয়ার খবর শুনেই ভেঙে পড়েন। রবিবার বেঙ্গালুরুর মহালক্ষ্মী লে-আউটের বাড়ি থেকে কিরণ (২৬) নামে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে আত্মহত্যা বলেই অনুমান তদন্তকারীদের। শুরু হয়েছে তদন্ত।

    গত তিন বছর ধরে এক তরুণীর সঙ্গে প্রেম ছিল কিরণের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শনিবার তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তখনই জানতে পারেন প্রেমিকার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। শুধু তাই নয়, বাগদানও সেরে ফেলেছেন তাঁরা। এই কথা শুনেই মুষড়ে পড়েছিলেন কিরণ। মনমরা হয়ে ফিরে আসেন মহালক্ষ্মী লে-আউটের বাড়িতে।

    কিরণের পরিবার সূত্রে জানা গিয়েছে, রাতে খেয়েদেয় ঘরে ঢুকেছিলেন তিনি। তার পরে আর বের হননি। এ দিন সকালে তাঁর কোনও সাড়াশব্দ না পেয়ে দরজা ধাক্কা দিতে শুরু করেন কিরণের বাড়ির লোক। অবস্থা বেগতিক বুঝে পুলিশে খবর দেন তাঁরা। শেষ পর্যন্ত দরজা ভেঙে কিরণের ঝুলন্ত দেহ উদ্ধার করেন তদন্তকারীরা।

    কিরণের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁর ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের। কেন তিনি চরম সিদ্ধান্ত নিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। এক আধিকারিক জানিয়েছেন, উদ্ধার হওয়া সুইসাইড নোটের ফরেনসিক পরীক্ষা করা হবে। মৃতের প্রেমিকা এবং তাঁর বাড়ির লোকের বয়ানও রেকর্ড করবে পুলিশ।

  • Link to this news (এই সময়)