কলকাতা মেট্রোয় আত্মহত্যা ঠেকাতে বড় ব্যবস্থা, জানাল রেল কর্তৃপক্ষ
আজ তক | ০৯ ফেব্রুয়ারি ২০২৬
অবশেষে কলকাতা মেট্রোয় আত্মহত্যার ঘটনা ঠেকাতে পদক্ষেপ নিল মেট্রো কর্তৃপক্ষ। রবিবার কলকাতা মেট্রোর তরফে একটি অডিও বার্তা প্রকাশ করা হয়েছে। এই বার্তায় যাত্রীদেরকে জীবনের গুরুত্ব বুঝিয়ে জীবন আত্মহত্যার ব্যাপারে নিরুৎসাহিত করা হবে। উত্তর-দক্ষিণ করিডোরের বেশ কয়েকটি স্টেশনে প্রচার করা হবে এই অডিও বার্তা।
মেট্রো সূত্রে খবর, গত তিন মাসে ব্লু লাইনে বেশ কয়েকটি আত্মহত্যার ঘটনার জেরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একটি এফএম চ্যানেলের সহযোগিতায় এই উদ্যোগটি চালু করা হয়েছে।
শেষ ৩ মাসে কলকাতায় মেট্রোয় মরণঝাঁপের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে
পরিসংখ্যান বলছে, কলকাতা মেট্রোয় ব্লু লাইনে গত বছরের নভেম্বরে ৩টি, ডিসেম্বরে ২টি, জানুয়ারিতে ৩টি এবং ফেব্রুয়ারিতে এর মধ্যেই ২টি আত্মহত্যার চেষ্টা করা হয়েছে। এই ১০ জন যাত্রী যারা লাইনে মরণঝাঁপ দিয়েছেন, তাঁদের বেশিরভাগকেই বাঁচানো যায়নি। ফলে পরিসংখ্যান থেকেই স্পষ্ট হচ্ছে কলকাতা মেট্রোর ব্লু লাইন যেন কার্যত সুইসাইড পয়েন্ট হয়ে উঠেছে।
অডিও বার্তায় কী বলা হচ্ছে?
107 FM রেইনবো-তে সম্প্রচারিত ভয়েস নোটে বলা হবে, "আত্মহত্যা কেবল একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয় বরং একটি বিপজ্জনক সামাজিক রোগ যা সংশ্লিষ্ট পরিবারের উপর প্রচণ্ড চাপ এবং কষ্টের কারণ হয়। দয়া করে কোনও চরম সিদ্ধান্ত বা তাড়াহুড়ো করে পদক্ষেপ নেবেন না। যদি আপনি কোনও গুরুতর মানসিক সংকটের মুখোমুখি হন, তাহলে অবিলম্বে আমাদের পরামর্শদাতাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনার থেকে তাঁরা মাত্র একটি ফোন কলের দূরত্বে 24x7 রয়েছেন। এই হেল্পলাইনগুলি নানা পোস্টার, ব্যানারে লেখা রয়েছে। প্ল্যাটফর্মের বিভিন্ন অংশে ডিজিটাল ডিসপ্লে বোর্ডেও নম্বর রয়েছে।"
সূত্রের খবর, ব্লু লাইনের স্টেশনগুলিতে পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে এই অডিও বার্তা বাজানো হবে। কলকাতা মেট্রোর সহযোগিতায় এই অডিও বার্তা রেকর্ড করা হয়েছে। বাংলায় একজন পুরুষ কণ্ঠস্বরে এই ঘোষণা করবে। এই অডিও বার্তা চালানোর সময় নার্ভের উত্তেজনা কমাতে হালকা ব্যাকগ্রাউন্ড সাউন্ডও ব্যবহার করা হয়েছে।
যাত্রীদেরকে জীবনের গুরুত্ব বোঝাতে অডিও বার্তায় বলা হয়েছে, জীবন সুন্দর, সব মানুষের জন্যই প্রচুর সম্ভাবনা রয়েছে। যতই বিষণ্ণতা আসুক না কেন, জীবন শেষ করে দেওয়া কোনও উদ্দেশ্য সাধন করবে না। "সঙ্কট মোকাবিলা করা এবং কাটিয়ে ওঠা সম্ভব। জীবনের সমাপ্তি কখনও সমাধান হতে পারে না"।
ভয়েস বার্তায় আরও বলা হচ্ছে, "যদি কেউ নিজের জীবন শেষ করার ইচ্ছায় আচ্ছন্ন হয়ে পড়েন, তাহলে দুবার ভাবুন, চিন্তা করুন আপনার জীবন শুধুমাত্র আপনার জন্য নয়, অন্যদের জন্যও গুরুত্বপূর্ণ।"