নির্বাচনের আগেই পুলিশের বদলি নিয়ে বড় নির্দেশ কমিশনের
আজকাল | ০৯ ফেব্রুয়ারি ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: ভোটের মুখে পুলিশের বদল নিয়ে রাজ্য স্বরাষ্ট্রদপ্তরকে চিঠি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের। কী বলা হয়েছে ওই চিঠিতে?
সেখানে উল্লিখিত, ১৫ ফেব্রুয়ারির মধ্যে রাজ্যে ভোটের কাজে সরাসরি যুক্ত পুলিশ কর্মীদের বদলি/পোস্টিং সম্পন্ন করতে হবে। এবং কমপ্লায়েন্স রিপোর্ট নির্বাচন কমিশনে পাঠাতে হবে। রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের সচিবকে চিঠি দিয়ে এমনই নির্দেশ রাজ্যের CEO দপ্তরের।
যদিও এই নির্দেশিকা সামনে আসার পর, রাজনৈতিক মহলের অনেকেই প্রশ্ন তুলছেন, নির্বাচন কবে? সেই দিনক্ষণ জানার বহু আগেই, পুলিশের বদলির সময়সীমা বেঁধে দেওয়া নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন।
এর আগে, জানুয়ারির শেষেই রাজ্য পুলিশের বড় রদবদল হয়। ৩১ জানুয়ারি রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পদ থেকে অবসর নেন রাজীব কুমার। তাঁর অবসর গ্রহণের আগেই রাজ্য ঘোষণা করে, ওই পদে কে বসছেন। রাজ্য পুলিশের ডিজি হন পীযূষ পাণ্ডে। অর্থাৎ সবকিছু ঠিক থাকলেই রাজ্য পুলিশে ডিজি হয়ে তিনিই সামলাবেন ২০২৬ এর বিধানসভা নির্বাচন।
কেবল রাজ্যপুলিশের ডিজি পদেই নয়, কলকাতা পুলিশ কমিশনার-সহ একাধিক পদে রদবদল হয় জানুয়ারির শেষে। এর আগে কলকাতা পুলিশ কমিশনার ছিলেন মণোজ বর্মা। তাঁর জায়গায় এসেছেন এডিজি দক্ষিণবঙ্গ পদে থাকা, সুপ্রতিম সরকার। সুপ্রতিম সরকার এর আগে ছিলেন বিধাননগর পুলিশ কমিশনার পদেও। অন্যদিকে মনোজ বর্মা কলকাতা পুলিশ কমিশনার পদের পর দায়িত্ব পেয়েছেন ডিরেক্টর অফ সিকিউরিটি পদ। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব তাঁর কাঁধেই। বিনীত গোয়েল পেয়েছেন এডিজি আইনশৃঙ্খলার দায়িত্ব। এসটিএফ-এর এডিজি'র দায়িত্ব দেওয়া হয়েছে জাভেদ শামিমকে।