তথাগত চক্রবর্তী: বিধানসভা ভোটের আগে যাদবপুরে বিজেপির নতুন উদ্যোগ। চালু হল কিউআর কোড ও ‘ম্যানিফেস্টো বক্স’। বারুইপুর বিধানসভা ভোটের আগে সাধারণ মানুষের অভাব-অভিযোগ সরাসরি জানার লক্ষ্যে যাদবপুরে নতুন উদ্যোগ নিল বিজেপি। যাদবপুর সংগঠনিক জেলায় চালু করা হল কিউআর কোড ও ‘ম্যানিফেস্টো বক্স’। এই কর্মসূচির উদ্বোধন করেন যাদবপুর সংগঠনিক জেলার বিজেপি সভাপতি মনোরঞ্জন জোয়ারদার।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, এই ‘ম্যানিফেস্টো বক্স’-এর মাধ্যমে সাধারণ মানুষ তাঁদের এলাকার সমস্যার কথা, কী ধরনের সরকার তাঁরা চান এবং কোথায় কী উন্নয়ন বাকি রয়েছে—তা লিখে সরাসরি জানাতে পারবেন। যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে এই বক্স রাখা হবে। যাতে সাধারণ মানুষ সহজেই তাঁদের মতামত ও অভিযোগ জমা দিতে পারেন। এছাড়াও প্রতিটি ম্যানিফেস্টো বক্সে একটি করে কিউআর কোড দেওয়া থাকবে। ওই কিউআর কোড স্ক্যান করে সাধারণ মানুষ সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন। রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা-সহ বিভিন্ন নাগরিক পরিষেবা সংক্রান্ত অভিযোগ ও দাবির কথা এই মাধ্যমেই পৌঁছে যাবে দলের কাছে।
বিজেপি নেতৃত্বের দাবি, মানুষের মতামত ও অভিযোগকে গুরুত্ব দিয়েই আসন্ন বিধানসভা ভোটের ইস্তাহার তৈরি করা হবে। মনোরঞ্জন জোয়ারদার আরও বলেন, “সাধারণ মানুষের কথা সরাসরি শোনা এবং তাঁদের সমস্যার বাস্তব চিত্র জানা আমাদের লক্ষ্য। সেই উদ্দেশ্যেই এই ম্যানিফেস্টো বক্স ও কিউআর কোড ব্যবস্থা চালু করা হয়েছে।” খুব স্বাভাবিকভাবেই বিধানসভা ভোটের আগে বিজেপির এই উদ্যোগ রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।