• চার মাসের জন্য বন্ধ থাকবে মধ্যমগ্রাম চৌমাথা সংলগ্ন গুরুত্বপূর্ণ এই রাস্তা, জেনে নিন বিস্তারিত
    এই সময় | ০৯ ফেব্রুয়ারি ২০২৬
  • চার মাসের জন্য বন্ধ থাকছে মধ্যমগ্রাম চৌমাথা সংলগ্ন সোদপুর রোডের একটি গুরুত্বপূর্ণ অংশ। সোমবার থেকেই কার্যকর হয়েছে এই সিদ্ধান্ত। প্রশাসনের তরফে জানানো হয়েছে, PWD-র উদ্যোগে জল নিকাশি ব্যবস্থার আধুনিকীকরণ ও সংস্কারের কাজ চলবে। তাই এই রাস্তা বন্ধ থাকবে আগামী চার মাস। ফলে যাত্রীদের ভুগতে হবে।

    যশোহর রোডের সঙ্গে কল্যাণী এক্সপ্রেসওয়ের যোগাযোগের ক্ষেত্রে সোদপুর রোড একটি গুরুত্বপূর্ণ পথ। কিন্তু কাজের স্বার্থে এই রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। পণ্যবাহী যান চলাচল সম্পূর্ণ ভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে জেলা ট্র্যাফিক প্রশাসন সূত্রে। পরিস্থিতি অনুযায়ী নির্দিষ্ট সময়ে যান চলাচল নিয়ন্ত্রণের বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।

    মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধান নিমাই ঘোষ জানান, পুর এলাকায় দীর্ঘদিনের জল নিকাশি সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে এই কাজ শুরু হয়েছে। মধ্যমগ্রাম চৌমাথা সংলগ্ন এক প্রান্ত থেকে পুরসভার দিকে আসা অপর প্রান্তের রাস্তার নীচ দিয়ে আধুনিক আরসিসি ক্রস কালভার্টের মাধ্যমে ড্রেনেজ সিস্টেম সংস্কার করা হবে।

    প্রথম দু’মাস সোদপুর থেকে মধ্যমগ্রামগামী রাস্তা বন্ধ রেখে কাজ চলবে। পরবর্তী দু’মাস মধ্যমগ্রাম থেকে সোদপুরের দিকের রাস্তায় কাজ হবে। ফলে, মোট চার মাস এই গুরুত্বপূর্ণ রাস্তা কার্যত বন্ধ থাকছে। রাস্তা বন্ধ হওয়ায় উত্তরবঙ্গগামী বাস ও দূরপাল্লার গাড়িগুলিকে ডাকবাংলো হয়ে কলোনি মোড় দিয়ে পাস করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    পাশাপাশি, কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে যোগাযোগের জন্য বিরাটি ও বারাসতের দিক থেকে গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে বলেও জানান মধ্যমগ্রাম ট্র্যাফিক ইনস্পেক্টর দেবব্রত গিরি। তবে রাস্তা বন্ধের প্রথম দিনেই মধ্যমগ্রামে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ট্র্যাফিক নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খেতে হয় প্রশাসনকে। ট্র্যাফিক বিভাগের তরফে জানানো হয়েছে, প্রথম দিনে কিছু সমস্যা দেখা দিলেও পরবর্তী সময়ে যান নিয়ন্ত্রণের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হবে।

    এ দিকে হঠাৎ রাস্তা বন্ধ হওয়ায় পথচলতি মানুষজন সমস্যার মুখে পড়লেও, দীর্ঘমেয়াদে জল জমার সমস্যা স্থায়ী সমাধানের আশায় এই সাময়িক ভোগান্তি মেনে নিতে প্রস্তুত মধ্যমগ্রামবাসীর একাংশ। এখন দেখার আগামী দিনে এই গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ থাকায় যানজট নিয়ন্ত্রণে কতটা দক্ষতা দেখাতে পারে জেলা ট্র্যাফিক বিভাগ।

  • Link to this news (এই সময়)