আজকাল ওয়েবডেস্ক: বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রাজ্যে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি বৈঠক করতে দিল্লি যাচ্ছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়াল। সিইও দপ্তর সূত্রে খবর, ভোট–প্রস্তুতি নিয়ে ওই রুটিন বৈঠক হবে। বৈঠকে যোগ দিতে মঙ্গলবার দিল্লি যাবেন তিনি।
প্রসঙ্গত, আগামী এপ্রিল–মে মাসে তামিলনাড়ু, কেরল, অসম, পুদুচেরির সঙ্গেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হওয়ার কথা। মার্চের গোড়ায় হতে পারে ভোটের ঘোষণা। রাজ্যে আসন্ন বিধানসভা ভোট এক দফায় করার পক্ষপাতী রাজ্যের নির্বাচন কমিশন। রাজ্যের সিইও–র দপ্তরের একটি সূত্রের খবর, কত দফায় ভোট হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। তবে সিইও দপ্তরের কাছে জানতে চাইলে, তারা এক দফায় ভোট করানোর প্রস্তাব দেবে। এই পরিস্থিতিতে দিল্লির বৈঠকে মনোজ কী প্রস্তাব দেন তা নিয়ে জল্পনা রয়েছে। তবে সূত্রের খবর, তিন থেকে চার দফায় বিধানসভা ভোট হতে পারে বঙ্গে।
এটা ঘটনা, অতিমারির আবহে ২০২১ সালে আট দফায় বিধানসভায় নির্বাচন হয়েছিল পশ্চিমবঙ্গে। তার আগে ২০১৬ সালে পশ্চিমবঙ্গে সাত দফায় বিধানসভা ভোট হয়েছিল। ইউপিএ আমলে ২০১১ সালে বাংলায় বিধানসভা ভোট হয়েছিল ছ’দফায়।
এটা ঘটনা, সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে এসআইআরের সময়সীমা বাড়ানো হয়েছে। শীর্ষ আদালত স্ক্রুটিনির জন্য সাত দিন সময়সীমা বাড়ানোর নির্দেশ দেওয়ায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পিছিয়ে যাবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। তার পরের ধাপে কমিশন চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। ফলে চূড়ান্ত ভোটার তালিকা ২১ তারিখের পরেই প্রকাশ হবে।