তৃণমূল কাউন্সিলরের মারে বৃদ্ধের মৃত্যুর ঘটনায় উত্তাল ব্যারাকপুর
দৈনিক স্টেটসম্যান | ১০ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার দুপুরে চিড়িয়ামোড় অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির সমর্থকরা। গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং ও বিজেপি নেতা শীলভদ্র দত্ত-সহ বিজেপির সমর্থকরা। অভিযুক্ত বিধায়কের কঠোর শাস্তির দাবি জানান অর্জুন সিং। বিক্ষোভ থেকে তৃণমূল বিধায়কের ফাসিঁর দাবি জানিয়ে স্লোগান দেওয়া হয়। পরিস্থিতি সামলাতে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বিটি রোড।
এদিন অভিযুক্ত কাউন্সিলর রবীন্দ্রনাথকে ব্যারাকপুর আদালতে তোলার কথা ছিল। শারীরিক পরীক্ষার পর তাঁকে আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতের দিকেও এদিন বিজেপির তরফে একটি মিছিল এগোয় বলে জানা গিয়েছে। মিছিল সামাল দিতে সেখানেও পুলিশ মোতায়েন করা হয়েছে। গোটা ঘটনায় ব্যারাকপুর জুড়ে এক উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়েছে।
উল্লেখ্য, বাড়ির পাশে এক বেআইনি নির্মাণ নিয়ে তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের সঙ্গে বাদানুবাদে জড়ান তুলসী আধিকারী নামে এলাকার এক স্থানীয় বাসিন্দা। বচসার মাঝে তুলসী অধিকারীকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। এরপরে তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ওই বৃদ্ধকে লাথি মারেন বলে অভিযোগ। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই ৮১ বছরের বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েন। তারপরে তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তুলসী অধিকারী নামের ওই বৃদ্ধের। বৃদ্ধের মৃত্যুর জন্য তৃণমূল বিধায়ককেই দায়ী করা হয়েছে তাঁর পরিবারের তরফে।