• ওষুধ না ভুসি? ORS, প্যানটোপ্রাজল, বাচ্চাদের সিরাপ, ক্যানসারের মেডিসিন সব জাল-বিষাক্ত! তালিকায় রাইলস টিউব, সার্জিক্যাল গ্লাভস-সহ ১৭৯...
    ২৪ ঘন্টা | ১০ ফেব্রুয়ারি ২০২৬
  • অয়ন শর্মা: গুণমানের পরীক্ষায় আবারও দেশ জুড়ে ফেইল প্রচুর ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম। মোট ১৭৯ ধরনের সামগ্রী ফেল করেছে পরীক্ষায়। ফেইল করা ওষুধের মধ্যে রয়েছে রাজ্যের একাধিক সংস্থার তৈরি ওষুধ। এমনকি কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ওষুধের দোকান থেকে নেওয়া নমুনাও ফেইল করেছে।

    রাজ্যের সংস্থা ও দোকানের মধ্যে রয়েছে, জোকার ড্রাক্ট ইন্টারন্যাশনালের তৈরি খাদ্যনালীতে সংক্রমণ ঠেকানোর সমস্ত ওষুধ ফেইল করেছে। রাজারহাটের ক্যাপলেট ইন্ডিয়া সংস্থার বানানো ORS ফেইল করেছে পরীক্ষায়। উত্তর ২৪ পরগনার মহিষপোতার স্কোয়ার ফার্মাসিউটিক্যাল সংস্থার তৈরি অ্যান্টিবায়োটিক ফেইল করেছে। এছাড়াও বর্ধমান, মালদা এবং হাওড়ার তিনটি ওষুধের দোকান থেকে পরীক্ষার জন্য সংগ্রহ করা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ওষুধ, অ্যান্টিবায়োটিক এবং স্নায়ু রোগের চিকিৎসার ওষুধ ফেইল করেছে রাজ্য ড্রাগ টেস্টিং ল্যাবে। এগুলোর মধ্যে কোনওটি জাল, কোনটি আবার অন্য সংস্থার ব্র্যান্ড নেম জাল করে বাজারে বিক্রি হচ্ছিল।

    এর সঙ্গেই কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের নির্দেশ পেয়ে রাজ্য সরকার বিহারের হাজীপুরের একটি সংস্থার তৈরি শিশুদের সর্দি ও অ্যালার্জিতে ব্যবহৃত একটি সিরাপের ব্যবহার অবিলম্বে বন্ধ করতে নির্দেশিকা জারি করেছে। সিরাপটির নাম ALMONT KID। রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিশুদের এই সিরাপটিতে অত্যন্ত ক্ষতিকারক এবং বিষাক্ত ইথাইলিন গ্লাইকল রয়েছে। সব বিক্রেতা এবং হোলসেলারদের নির্দেশ পাঠানো হয়েছে কারও কাছে এই ওষুধের স্টক থাকলে সেটা অবিলম্বে বাজারজাত করা থেকে বিরত থাকতে হবে। ওষুধটি কোনওরকম কেনাবেচা বা সেবন করা চলবে না। মার্কেটে কোনও দোকানে এই ওষুধ দেখতে পেলেই রাজ্য ড্রাগ কন্ট্রোলকে ফোন বা হোয়াটসঅ্যাপ করে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে।

    ফেইল করা আরও ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের মধ্য রয়েছে, সংক্রমণ ঠেকাতে ব্যবহৃত ইনজেকশন, অ্যান্টিবায়োটিক ইনজেকশন, রক্তাল্পতার ইনজেকশন, ডায়াবেটিসের ইনজেকশন। রয়েছে হজমের ওষুধ, স্নায়ুরোগের ওষুধ, আলসারের ওষুধ, যক্ষ্মার ওষুধ, ক্যান্সারের ওষুধ, ক্যালসিয়াম ও ভিটামিনের ট্যাবলেট,  ফুসফুসের সংক্রমণের ওষুধ এবং স্যালাইন। দেশের বাজারে ফেইল করেছে বিদেশি ওষুধও। যে তালিকায় রয়েছে সৌদি আরব থেকে ভারতে আমদানি হওয়া ওষুধ তৈরির উপাদান পলি ইথাইলিন গ্লাইকল। এই পেট্রোলিয়ামজাত উপাদানের মধ্যে থাকা ইথাইলিন গ্লাইকল ও ডাই ইথাইলিন গ্লাইকল দূষিত এবং তা অনুমোদিত মাত্রার থেকে বেশি পরিমাণে রয়েছে। যা অত্যন্ত ক্ষতিকারক। নমুনা পরীক্ষার পর এমনটাই রিপোর্ট দিয়েছে হায়দরাবাদের কেন্দ্রীয় ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি।

    ফেইল করেছে ফরাসি সংস্থার তৈরি ডায়াবেটিসের ওষুধ neosorb। ফেইল করেছে রাইলস টিউব, কটন ব্যান্ডেজ, সার্জিক্যাল গ্লাভসও। রোগীদের তরল খাবার খাদ্যনালীতে পৌঁছে দেওয়ার রাইলস টিউবও ফেইল করেছে স্টেরিলিটি টেস্টে। গুজরাটের এক সংস্থার তৈরি রাইলস টিউব বিশুদ্ধতার পরীক্ষায় ফেল করেছে কেন্দ্রীয় ড্রাগ টেস্টিং ল্যাবে। একইভাবে কলকাতার কেন্দ্রীয় ড্রাগ ল্যাবে, স্টেরিলিটি টেস্টে ফেল করেছে রাজস্থানের জয়পুরের এক সংস্থার তৈরি কটন ব্যান্ডেজের পৃথক পৃথক নমুনা। হিমাচল প্রদেশের ল্যাবে স্টেরিলিটি টেস্টে ফেইল করেছে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের ব্যবহৃত সার্জিক্যাল গ্লাভস। 

    এছাড়া একাধিক নামি সংস্থার ব্র্যান্ড জাল করে বানানো পেইনকিলার, অ্যান্টিবায়োটিক, অ্যালার্জির ওষুধ, হজমের ওষুধ, রক্তচাপ নিয়ন্ত্রণের রাখার ওষুধ ধরা পড়েছে বাজার থেকে। ওষুধগুলি অত্যন্ত জনপ্রিয় হওয়ায় বাজারে সেগুলির নকল প্রোডাক্ট ঘুরে বেড়াচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। যে ওষুধগুলির মধ্যে রয়েছে chymoral forte, মন্টেলুকাস L, টেলমা 40, প্যানটোপ্রাজল D ইত্যাদি।

  • Link to this news (২৪ ঘন্টা)