• হিমন্তের ‘শুটিং’ ভিডিয়ো ঘিরে তোলপাড়, ঘৃণা ভাষণের অভিযোগে সুপ্রিম কোর্টে বিশিষ্টরা
    এই সময় | ১০ ফেব্রুয়ারি ২০২৬
  • অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার একটি বিতর্কিত ভিডিয়োকে কেন্দ্র করে এ বার দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ একদল বিশিষ্ট সমাজকর্মী। BJP-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে শেয়ার করা হয়েছিল ভিডিয়োটি। পরে ডিলিট করে দেওয়া হয়। ভিডিয়োটিতে অসমের মুখ্যমন্ত্রীকে দাড়ি ও টুপি পরা এক ব্যক্তির ছবিতে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালাতে দেখা গিয়েছিল। অভিযোগ, ওই ভিডিয়ো এবং মুখ্যমন্ত্রীর করা বিভিন্ন মন্তব্য সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে।

    প্রাক্তন উপরাজ্যপাল নজীব জং ছাড়াও রূপরেখা বর্মা, জন দয়াল-সহ মোট ১২ জন সমাজকর্মী এই জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন। পিটিশনে উল্লেখ করা হয়েছে, মুখ্যমন্ত্রীর মতো সাংবিধানিক পদে থেকে ‘মিঞা মুসলিম’, ‘বন্যা জেহাদ’ কিংবা ভোটার তালিকা থেকে বিশেষ সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার মতো মন্তব্য করে তিনি সাংবিধানিক শপথ ভেঙেছেন।

    মামলায় শুধু অসমের মুখ্যমন্ত্রীই নন, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের ‘কাঠমুল্লা’ মন্তব্য, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির বিভিন্ন বয়ান এবং মহারাষ্ট্রের মন্ত্রী নীতীশ রাণের বিতর্কিত বিভিন্ন উক্তিকেও উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে।

    এমনকী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের নামও এই পিটিশনে জড়ানো হয়েছে। আবেদনকারীদের দাবি, উচ্চপদে আসীন ব্যক্তিদের এই ধরনের বিভেদমূলক মন্তব্যের জেরে দেশের গণতান্ত্রিক পরিকাঠামো বিপন্ন। সুপ্রিম কোর্ট এই বিষয়ে কী পদক্ষেপ করে, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

  • Link to this news (এই সময়)