• আধার কার্ড চুরির গুজবে মাইকে প্রচার পুলিশের
    এই সময় | ১০ ফেব্রুয়ারি ২০২৬
  • এই সময়, মেদিনীপুর: এ আবার কেমন চুরি? সোনা নয়, টাকা নয়, চুরি হচ্ছে আধার, ভোটার কার্ড! সেই গুরুত্বপূর্ণ নথি আবার পুড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল-সহ পাশের বিভিন্ন এলাকায় সম্প্রতি এমনই গুজব ছড়িয়েছে বলে পুলিশের দাবি। এর জেরে এলাকার মানুষ লাঠি নিয়ে রাতে পাহারা দিচ্ছেন। রাত জেগে পাহারা দিচ্ছেন নথিপত্র। কেউ কেউ আবার কিছু শুনলেই সরাসরি ফোন করছেন থানায়। সব কাজকর্ম ফেলে চোর ধরতে এ দিক-ও দিক ছুটতে হচ্ছে পুলিশকে। তারপর চুরির কোনও তথ্যই মিলছে না বলে পুলিশের দাবি। তাই পুলিশ এ বার মাইক নিয়ে এলাকায় 'গুজবে কান দেবেন না' বলে প্রচার চালানো শুরু করেছে।

    পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল থানা-সহ একাধিক এলাকায় প্রচারে নেমেছে পুলিশ। মাইকে ঘোষণা করা হয়-'গুজবে কান দেবেন না। গুজব ছড়াবেন না। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। সন্দেহজনক কিছু দেখলে সরাসরি পুলিশকে খবর দিন। পুলিশই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।' জেলা পুলিশের এক আধিকারিক বলেন, 'এটা সম্পূর্ণ গুজব। এক গ্রাম থেকে অন্য গ্রামে নিমেষে এমন গুজব ছড়িয়ে পড়ছে। কয়েক সেকেন্ডের ব্যবধানে থানায় ফোন আসছে। সব জায়গায় পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু নিট ফল জ়িরো। কেউ কিছু দেখেননি বলেই জানা গিয়েছে।'

    তবে রবিবার প্রচারের পরে সোমবার থানায় কোনও ফোন আসেনি। গুড়গুড়িপাল থানা এলাকার বাসিন্দা রঞ্জিত মাহাতো বলেন, 'ভয়ে আমরা রাত জাগছিলাম। সবাই বলছিল এখানে চুরি হয়েছে, ওখানে হয়েছে। তাই আমরা পাহারা দিচ্ছিলাম। কিন্তু কোথাও কিছু দেখিনি।' মণিদহ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নির্মল মাঝি বলেন, 'পুরো বিষয়টা গুজব। খবর পেলে আমরা এলাকায় যাচ্ছি, পুলিশও যাচ্ছে। কিন্তু কোথাও কোনও প্রমাণ মেলেনি।'

  • Link to this news (এই সময়)