• কনটেন্ট ক্রিয়েটরদের জন্য প্রতিযোগিতার আয়োজন পুলিশের, বিষয় কী থাকছে? নিয়মই বা কী? জানুন
    এই সময় | ১০ ফেব্রুয়ারি ২০২৬
  • কনটেন্ট ক্রিয়েটরদের জন্য অভিনব উদ্যোগ হুগলি গ্রামীণ পুলিশের। আরামবাগ মহকুমা এলাকার সমস্ত সোশ্য়াল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের জন্য পুলিশ প্রশাসনের তরফে এক বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে ‘সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কম্পিটিশন’।

    অংশগ্রহণকারীদের বিভিন্ন সামাজিক বিষয়ে ২ মিনিটের ছোট ভিডিয়ো বানাতে হবে। বিষয়গুলোর মধ্যে রয়েছে সাইবার ক্রাইম সংক্রান্ত সচেতনতা, সবুজ ও পরিচ্ছন্ন আরামবাগ এবং নারী সুরক্ষা। এ ছাড়াও সড়ক দুর্ঘটনায় আহতদের সাহায্য করার পদ্ধতি বা পুলিশের নানা রকম সমাজ কল্যাণমূলক কাজ নিয়েও ভিডিয়ো বানানো যাবে। ভিডিয়ো আপলোড করার সময়ে হ্যাশট্যাগ দেওয়া বাধ্যতামূলক। হ্যাশট্যাগে হুগলি রুরাল পুলিশ ও এসডিপিও আরামবাগ এবং পশ্চিমবঙ্গ পুলিশ অবশ্যই রাখতে হবে। ভিডিয়োর মান ও সামাজিক বার্তার গভীরতা বিচার করে সেরাদের পুরস্কৃত করা হবে।

    ১২ ফেব্রুয়ারি আরামবাগের রামমোহন হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার। এ ছাড়াও, সে দিন বাছাই করা সেরা ২০টি ভিডিয়ো জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে। সৃজনশীলতার বিচারে যে ভিডিয়োগুলো এগিয়ে থাকবে, সেগুলোই প্রদর্শনীতে জায়গা পাবে।

    ডিজিটাল মিডিয়ার যুগে কনটেন্ট ক্রিয়েটরদের বেশ রমরমা। তাঁদের সৃজনশীল চিন্তা ভাবনা সাইবার অপরাধ দমন থেকে শুরু করে নারী সুরক্ষার কাজে বড় ভূমিকা পালন করতে পারে বলে মত পুলিশের। এই প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসা নতুন চিন্তা ভাবনা আগামী দিনে পুলিশের কাজকে আরও সহজ ও গতিশীল করে দিতে পারে।

    আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী বলেন, ‘আজকাল অনেকেই শিক্ষামূলক রিল বানান। কনটেন্ট ক্রিয়েটরদের প্রতিভাকে সাধারণ মানুষের সামনে নিয়ে আসাই আমাদের মূল লক্ষ্য। এ ছাড়াও, ক্রিয়েটরদের নতুন চিন্তা ভাবনা পুলিশের কাজে সহায়তা করবে।’

  • Link to this news (এই সময়)