আজকাল ওয়েবডেস্ক: নেপাল থেকে দিল্লিতে হীরা পাচারের আগেই বড় সাফল্য পেল ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। উত্তরবঙ্গের বাগডোগরা বিমানবন্দর থেকে চার কোটি টাকারও বেশি মূল্যের বিপুল পরিমাণ হীরা-সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে ডিআরআই। ধৃতের নাম দীপক কুমার মহাসুকলাল মেহেতা ওরফে দীপক কুমার মেহেতা, বাড়ি দিল্লি।
ডিআরআই-এর আইনজীবী রতন বণিক জানান, গোপন সূত্রে খবর পেয়ে ডিআরআই জানতে পারে নেপাল থেকে দিল্লিতে হীরা পাচার করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতেই বাগডোগরা বিমানবন্দরে নজরদারি চালানো হয়। সন্দেহজনক আচরণের কারণে দীপক কুমার মেহেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে ডিআরআই। জিজ্ঞাসাবাদের সময় অসঙ্গতি ধরা পড়ায় তাকে তল্লাশি করা হলে তার কাছ থেকে মোট ৮০৮.৩৩ ক্যারেট বা ১৬১.৬৬ গ্রাম হীরা উদ্ধার হয়।