• গভর্নর’স মেডেলে সম্মানিত এনসিসি ক্যাডেটরা
    আজকাল | ১০ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্বের অনন্য নিদর্শন তৈরি করল ন্যাশনাল ক্যাডেট কর্পস (এনসিসি)। সোমবার ৯ ফেব্রুয়ারি কলকাতার লোকভবনে এক গর্বের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের উপস্থিতিতে সম্মানিত হলেন পশ্চিমবঙ্গ ও সিকিম এনসিসি ডিরেক্টরেটের কৃতী ক্যাডেটরা। ‘গভর্নর’স মেডেল’ নামক এই বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজ্যপাল নিজেই। উপস্থিত ছিলেন মেজর জেনারেল অমরপাল সিং চাহাল (সেনা মেডেল, অতিরিক্ত মহাপরিচালক, এনসিসি ডিরেক্টরেট পশ্চিমবঙ্গ) এবং সিকিমের একাধিক ঊর্ধ্বতন সামরিক আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

    সোমবারের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল ৫৫ জন মেধাবী এনসিসি ক্যাডেটের হাতে গভর্নরস মেডেল প্রদান। সেনা, নৌ ও বিমান বাহিনীর শাখার এই ক্যাডেটরা এনসিসি প্রশিক্ষণ, নেতৃত্বগুণ, সমাজসেবা এবং জাতির প্রতি দায়বদ্ধতায় অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন। তাঁদের এই কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ রাজ্যপালের হাত থেকে পদক তুলে দেওয়া হয়। পাশাপাশি সেরা পারফরম্যান্সের জন্য সেরা আর্মি, নেভি ও এয়ার ফোর্স এনসিসি ইউনিট এবং সেরা গ্রুপকে ট্রফি ও ব্যানার প্রদান করা হয়।

    প্রজাতন্ত্র দিবস প্যারেড ও প্রজাতন্ত্র দিবস ক্যাম্প (RDC) ২০২৬-এ পশ্চিমবঙ্গ ও সিকিম এনসিসি কন্টিনজেন্টের সাফল্যের কথাও বিশেষভাবে উল্লেখ করেন রাজ্যপাল। ওই প্রতিযোগিতায় দেশের ১৭টি এনসিসি ডিরেক্টরেটের মধ্যে সিনিয়র উইং বিভাগে ক্যাডেট সার্জেন্ট প্রীতি শর্মা সেরা এয়ার ফোর্স ক্যাডেট নির্বাচিত হন। এছাড়াও অসাধারণ ড্রিল ও শৃঙ্খলার জন্য আরডিসি কন্টিনজেন্ট জিতে নেয় সেরা লাইন এরিয়া ট্রফি।

    এদিনের অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, “যুবসমাজের চরিত্র গঠন, নেতৃত্বের বিকাশ ও দেশপ্রেম জাগ্রত করার ক্ষেত্রে এনসিসির ভূমিকা অপরিসীম।” তিনি আরও বলেন, “এনসিসি তরুণদের মধ্যে নাগরিক দায়িত্ববোধ ও জাতি গঠনের চেতনাকে আরও সুদৃঢ় করে।” পুরস্কারপ্রাপ্ত ক্যাডেটদের সাফল্যে গোটা লোক ভবন জুড়ে ছিল গর্ব ও উচ্ছ্বাসের আবহ। করতালির মধ্য দিয়ে তাঁদের কৃতিত্বকে কুর্নিশ জানান উপস্থিত অতিথি, আধিকারিক ও সহকর্মী ক্যাডেটরা।

    এই গভর্নর’স মেডেল প্রদান অনুষ্ঠান আবারও প্রমাণ করল— শৃঙ্খলা, নিষ্ঠা ও সেবার মানসিকতাই আগামী দিনের শক্তিশালী ভারতের ভিত গড়ে তুলছে। পশ্চিমবঙ্গ ও সিকিমের এই তরুণ ক্যাডেটরাই ভবিষ্যতের নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা হয়ে উঠছেন।
  • Link to this news (আজকাল)