• শিলিগুড়ির জঙ্গলে নিখোঁজ ছাত্রের দেহ, খুনের নেপথ্যে ত্রিকোণ প্রেম?
    আজ তক | ১০ ফেব্রুয়ারি ২০২৬
  • North Bengal Student Killed: মাটিগাড়ার শিমুলতলা এলাকায় নিখোঁজ এক দশম শ্রেণির ছাত্রের নিথর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। সোমবার গভীর রাতে স্থানীয় একটি জঙ্গল থেকে ওই ছাত্রের দেহ উদ্ধার করে পুলিশ। পরে দেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

    পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শনিবার সন্ধ্যা থেকেই ছাত্রটির খোঁজ পাওয়া যাচ্ছিল না। অভিযোগ, ওইদিন সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ রাজ পাসোয়ান নামে বছর পঁচিশের এক প্রতিবেশী যুবক তাকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাত ১০টার পর থেকে ছাত্রটির মোবাইল ফোন বন্ধ হয়ে যায়।

    সারা রাত আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের নিয়ে খোঁজাখুঁজি করেও কোনও সন্ধান না মেলায় রবিবার মাটিগাড়া থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগে স্পষ্টভাবে ওই প্রতিবেশী যুবকের নাম উল্লেখ করে অপহরণের আশঙ্কা প্রকাশ করা হয়।

    এই ঘটনার নেপথ্যে ত্রিকোণ প্রেমের বিবাদ থাকার কথাও উঠে এসেছে। নিহত ছাত্রের দাদা জানান, একটি মেয়েকে কেন্দ্র করে অভিযুক্ত যুবকের সঙ্গে তাঁর ভাইয়ের দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। এক মাস আগেও দু’জনের মধ্যে ঝামেলা হয়েছিল বলে বন্ধুবান্ধবদের কাছ থেকে জানা গিয়েছে।

    ছাত্র নিখোঁজ হওয়ার পর থেকেই অভিযুক্ত যুবক পলাতক ছিল। পুলিশ তার মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে কোচবিহারের মাথাভাঙ্গা এলাকায় তল্লাশি চালালেও তাকে পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তের এক সন্দেহভাজন বন্ধুকেও আটক করা হয়েছিল।

    পরবর্তীতে জঙ্গল থেকে ছাত্রের দেহ উদ্ধারের পর পুলিশের প্রাথমিক অনুমান, অপহরণের পর তাকে খুন করে দেহ ফেলে দেওয়া হয়েছে। তবে শুধুমাত্র প্রেমঘটিত বিবাদের জেরেই এই ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য তল্লাশি চলছে।
  • Link to this news (আজ তক)