• কসবায় প্রচুর আগ্নেয়াস্ত্র, কার্তুজ উদ্ধার, কলকাতায় চাঞ্চল্য
    আজ তক | ১০ ফেব্রুয়ারি ২০২৬
  • বাংলায় ভোটের তর্জন গর্জন শুরু হয়েছে। এরইমধ্যে সক্রিয় হয়ে উঠেছে দুষ্কৃতীরাও। আর তারই প্রমাণ মিলল সোমবার। তবে পুলিশ সতর্ক থাকায় ভেস্তে গিয়েছে দুষ্কৃতীদের প্ল্যান। শহর কলকাতায় বড়সড় অস্ত্র পাচারের ছক বানচাল করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। 

    জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে কসবা থানা এলাকায় হানা দিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল গুণ্ডাদমন শাখার (ARS) বিশেষ টিম। ধৃতের নাম মহম্মদ ইশতিয়াক (৩৮)। সে বিহারের গয়া জেলার বাসিন্দা।

    পুলিশ সূত্রে খবর, মোট ৬টি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে একটি 7 MM পিস্তল, ৩টি ওয়ান শটার ও ১১ রাউন্ড কার্তুজ। পুলিশ সূত্রে খবর, বিহার ও ঝাড়খণ্ড থেকে ওই অস্ত্রগুলি এ রাজ্যে আসছিল। তবে ধৃত ব্যক্তি কোথায় বা কাদের কাছে এত পরিমাণ অস্ত্র পৌঁছে দিচ্ছিল, তা এখনও জানা যায়নি। ধৃত মহম্মদ ইশতিয়াককে জেরা করছে পুলিস। ঘটনার পিছনে কোনও প্রভাবশালী যোগ আছে কিনা তাও খতিয়ে দেখছে লালবাজারের গোয়েন্দা বিভাগের গুণ্ডাদমন শাখা।

    উল্লেখ্য, বিধানসভা ভোটের কয়েক মাস আগেই ফের কলকাতার অস্ত্র উদ্ধার। তবে কি অস্ত্র পাচারের হটস্পট হয়ে উঠছে কলকাতা? তবে কলকাতায় অস্ত্র উদ্ধার অবশ্য এই প্রথম নয়। এর আগেও ২০২৫ সালের ২৫ মে খাস ধর্মতলা থেকে শ'য়ে শ'য়ে কার্তুজ উদ্ধার করেছিল কলকাতা পুলিশের STF। এছাড়া গত ৩০ মার্চ, আনন্দপুরে এক মহিলা-সহ ২ জনের হেফাজত থেকে ১১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল।
     

     
  • Link to this news (আজ তক)