• SR শেষ, অসমে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা, বাদ পড়ল কত নাম?
    এই সময় | ১০ ফেব্রুয়ারি ২০২৬
  • নির্বাচনমুখী ৫ রাজ্যের মধ্যে একমাত্র অসমেই ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন হয়নি। হয়েছে ‘স্পেশাল রিভিশন’ বা SR। মঙ্গলবার এই রিভিশন পর্ব শেষে অসমের ১২৬টি বিধানসভা কেন্দ্রের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। আর তার পরেই অসমের রাজনীতিতে পড়ে গিয়েছে বড়সড় আলোড়ন, ভোটার তালিকা থেকে বাদ পড়ল বিপুল সংখ্যক নাম। এর আগে যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল, যাচাই-বাছাইয়ের পরে সেই তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় ২ লক্ষ ৪৩ হাজার নাম।

    রাজ্যের CEO অর্থাৎ, মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, খসড়া তালিকায় মোট ভোটারের সংখ্যা ছিল ২ কোটি ৫২ লক্ষ ১ হাজার ৬২৪। কিন্তু ঝাড়াই-বাছাই শেষে চূড়ান্ত তালিকায় সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ কোটি ৪৯ লক্ষ ৫৮ হাজার ১৩৯-এ। অর্থাৎ, প্রায় আড়াই লক্ষ মানুষের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে।

    কমিশনের তথ্য অনুযায়ী, বর্তমান তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা ১ কোটি ২৪ লক্ষ ৮২ হাজার ২১৩ এবং মহিলা ভোটার ১ কোটি ২৪ লক্ষ ৭৫ হাজার ৫৮৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩৪৩ জন।

    প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর ২০২৫-এ খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল। তার আগে নভেম্বর ও ডিসেম্বর মাস জুড়ে রাজ্যব্যাপী বাড়ি বাড়ি গিয়ে নিবিড় যাচাইকরণ প্রক্রিয়া চালায় কমিশন। এর পরে দাবি ও আপত্তি জানানোর সময়সীমা শেষ হওয়ার পরেই এই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলো। এত বিপুল সংখ্যক নাম বাদ পড়া নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

  • Link to this news (এই সময়)