• ১৪ নয়, ২৮ ফেব্রুয়ারি প্রকাশ হবে চূড়ান্ত ভোটার তালিকা
    এই সময় | ১০ ফেব্রুয়ারি ২০২৬
  • আবারও পিছিয়ে গেল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা, মঙ্গলবার এই মর্মে নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। এর আগে ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা থাকলেও, তা পিছিয়ে ১৪ ফেব্রুয়ারি করা হয়। এ বার তা ২৮ ফেব্রুয়ারি করা হলো।

    গত ২৮ অক্টোবর পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR ঘোষণা করে নির্বাচন কমিশন। ৪ নভেম্বর থেকে BLO-রা বাড়ি বাড়ি ঘুরে এনিউমারেশন ফর্ম বিলি শুরু করেন।

    এরই মধ্যে ৩০ নভেম্বর বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। বলা হয়, ৯ ডিসেম্বরের বদলে খসড়া ভোটার তালিকা ১৬ ডিসেম্বর প্রকাশ করা হবে। ৭ ফেব্রুয়ারির বদলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৪ ফেব্রুয়ারি।

    কিন্তু SIR-পর্বে নির্বাচন কমিশনের কাজের পদ্ধতি নিয়ে বিস্তর অভিযোগ ওঠে। সাধারণ মানুষকে হিয়ারিংয়ের নামে ডেকে হয়রান করা থেকে শুরু করে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ইচ্ছা করে যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টার মতো অভিযোগও ওঠে কমিশনের বিরুদ্ধে। মামলা গড়ায় আদালত পর্যন্ত।

    সোমবারই রাজ্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল জানিয়ে দিয়েছিলেন, ২১ ফেব্রুয়ারির আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না। ২৮ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

    মঙ্গলবার দিল্লির নির্বাচন সদন থেকে জানিয়ে দেওয়া হলো, ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত হিয়ারিং পর্ব চলবে। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত স্ক্রুটিনি হবে। সব দিক খতিয়ে দেখে ২৮ তারিখ প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা।

  • Link to this news (এই সময়)