বেঙ্গল SIR-এর চূড়ান্ত খসড়া তালিকা ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে। জানিয়ে দিল নির্বাচন কমিশন। মঙ্গলবার এসআইআরের নতুন সূচি প্রকাশ করা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল দিল্লির নির্বাচন সদনে গিয়ে বৈঠক করার পরেই ওই নির্দেশিকা প্রকাশিত হল।
কমিশনের তরফে জানানো হয়েছে, বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর দ্বিতীয় পর্বে মোট শুনানির সংখ্যা কমবেশি ১ কোটি ৫১ লক্ষ। এর মধ্যে আনম্যাপড নাম এবং তথ্যগত অসংগতি—দু’ধরনের বিষয়ই রয়েছে। কমিশন সূত্রের দাবি, এই বিপুল সংখ্যক শুনানির মধ্যে ইতিমধ্যেই এক কোটি কুড়ি লক্ষেরও বেশি সম্পন্ন হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের (ECI) জারি করা বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর সময়সূচি নতুন করে ঘোষণা করা হল। মঙ্গলবার কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে (CEO) পাঠানো চিঠিতে এই সংশোধিত কর্মসূচির কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, তার সম্পূর্ণ অনুসরণ করতেই এই সিদ্ধান্ত। সেই অনুযায়ী, পশ্চিমবঙ্গে চলতি এসআইআর প্রক্রিয়ার বিভিন্ন ধাপের নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, নোটিস সংক্রান্ত শুনানি শেষ করতে হবে ১৪ ফেব্রুয়ারির মধ্যে। নথি যাচাই ও নিষ্পত্তির কাজ চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্তপোলিং স্টেশনের র্যাশনালাইজেশন সম্পন্ন করতে হবে ২৫ ফেব্রুয়ারির মধ্যে। ভোটার তালিকার স্বাস্থ্যগত মান (হেলথ প্যারামিটার) যাচাইয়ের সময়সীমা রাখা হয়েছে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। সবশেষে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৮ ফেব্রুয়ারি।
প্রসঙ্গত, সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে এসআইআরের সময়সীমা বেড়েছে। স্ক্রুটিনির জন্য সাত দিন সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করেছে শীর্ষ আদালত। সেই সঙ্গে জানানো হয়েছে, ইআরও-রা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সুপ্রিম কোর্টের ওই নির্দেশের জেরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পিছিয়ে যাবে বলে কমিশনের তরফে জানানো হয়েছিল সোমবারই। এ বার সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। এর আগে শুনানির সময়সীমা বৃদ্ধি চেয়ে আগেই কমিশনকে চিঠি পাঠিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)।
এর আগে ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা থাকলেও, তা পিছিয়ে ১৪ ফেব্রুয়ারি করা হয়। এ বার তা ২৮ ফেব্রুয়ারি করা হলো। উল্লেখ্য, সুপ্রিম কোর্টে বাংলার এসআইআর মামলার শুনানিতে বদলে গিয়েছে চলতি এসআইআর প্রক্রিয়ার বহু হিসাব নিকাশ। নথি যাচাইয়ের সময় সাত দিন বাড়ানো হয়েছে। যার ফলে পিছিয়ে গিয়েছে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের সময়ও। এই পরিস্থিতিতে কবে প্রকাশিত হবে ভোটার তালিকা এবং কবে হবে বাংলার নির্বাচন , তা নিয়ে আলোচনায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন বাংলার সিইও মনোজ আগরওয়াল। দিল্লি রওনা দেওয়ার আগে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল দাবি করেন, ২৮ ফেব্রুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রস্তুত করতে সক্ষম হবে নির্বাচন কমিশন। সেই মতই এবার বাংলায় SIR-এর চূড়ান্ত খসড়া তালিকা ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে,বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল কমিশন।