• মুর্শিদাবাদে আজ থেকেই শুরু হচ্ছে বাবরি মসজিদ নির্মাণের কাজ, কতদিন সময় লাগবে?
    আজ তক | ১১ ফেব্রুয়ারি ২০২৬
  • ৬ ডিসেম্বর বাবরি মসজিদ তৈরির জন্য মুর্শিদাবাদে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বহিষ্কৃত তৃণমূল নেতা হুমায়ুন কবীর। কিন্তু তারপর নানা কারণে শুরু হয়নি নির্মাণ কাজ। অবশেষে আজ, বুধবার থেকেই আনুষ্ঠানিক ভাবে শুরু হচ্ছে বাবরি মসজিদ নির্মাণের কাজ। এরপর বৃহস্পতিবার থেকে শুরু হবে 'বাবরি যাত্রা'। 

    মসজিদ তৈরিতে কত সময় লাগবে?

    হুমায়ুন কবীর সংবাদ সংস্থাকে জানিয়েছেন, তাঁর ধারণা ছিল মসজিদ তৈরি করতে প্রায় ৩ বছর সময় লেগে যাবে। কিন্তু যে কন্ট্রাক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই সংস্থা জানিয়েছে ২ বছরের মধ্যেই কাজ সম্পন্ন করে দেওয়া হবে। প্রাক্তন তৃণমূল নেতার দাবি, বাবরি মসজিদ তৈরিতে প্রায় ৫০-৫৫ কোটি টাকা খরচ হবে। মসজিদের গেটের উচ্চতা হবে ১৪ মিটার। পাশাপাশি চওড়ায় এটি হবে ৫ মিটার। শুধুমাত্র গেট তৈরিতেই আনুমানিক খরচ হবে ৫ কোটি ৮০ লক্ষ টাকা। মোট প্রজেক্টটি  নদিয়া জেলার পলাসী মনুমেন্ট থেকে শুরু ২৩৫ কিমি পর্যন্ত বিস্তৃত হবে।

    আজ মসজিদ নির্মাণ কাজের অনুষ্ঠান সূচি কী রয়েছে? 

    জনতা উন্নয়ন পার্টির (JUP) প্রধান জানিয়েছেন, মসজিদ তৈরির কাজ আনুষ্ঠানিকভাবে ১১ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২ টা থেকে ১টার মধ্যে শুরু হবে। তার আগে সকাল ১০টা থেকে ১২ টা পর্যন্ত কোরাণের তেলাওয়াত করা হবে। এরজন্য ১,০০০ থেকে ১,২০০ জন আলেম, মুফতি এবং ধর্মীয় নেতাদের আমন্ত্রণ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হুমায়ুন কবীর।

    অন্যদিকে, বুধবার যখন এই মসজিদের নির্মাণ কাজ শুরু হচ্ছে। তখন মঙ্গলবার উত্তরপ্রদেশের লখনউ থেকে মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দিয়েছে হিন্দুত্ববাদীদের একটি দল। তাঁদের দাবি কোনও অবস্থাতেই তারা পুরনো বাবরি মসজিদের আদলে ও নামে মসজিদ তৈরি করতে দেবেন না। যদিও সূত্রের দাবি, ওই দলটিকে রাস্তাতেই আটকে দিয়েছে পুলিশ।

    রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন হুমায়ুন

    মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে মমতা বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন হুমায়ুন কবীর। তাঁর দাবি, বাবরি ইস্যুতে তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে এবং রাজ্য সরকার তার উপর চাপ প্রয়োগের চেষ্টা করছে। 

     
  • Link to this news (আজ তক)