• নাবালক খুনে অভিযুক্তকে মারধরের চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, উত্তাল শিলিগুড়ি কোর্ট চত্বর
    এই সময় | ১১ ফেব্রুয়ারি ২০২৬
  • মাটিগাড়ার নাবালক খুনের ঘটনায় অভিযুক্তের উপর হামলার চেষ্টা। অভিযুক্ত রাজ পাসওয়ানকে আদালতের লকআপ থেকে কাঠগড়ায় নিয়ে যাওয়ার সময়ে শুরু হয় অশান্তি। বুধবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় শিলিগুড়ি আদালত চত্বরে। মাটিগাড়া শিমুলগুড়ির বাসিন্দাদের সঙ্গে ধাক্কাধাক্কি, হাতাহাতি হয় পুলিশের। পরিস্থিতি সামাল দিতে উপস্থিত পুলিশ কর্মীদের নাজেহাল অবস্থা হয়। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এক আধিকারিক বলেন, ‘অভিযুক্তকে কাঠগড়ায় তোলার সময় অভিযুক্তের ওপরে কয়েকজন হামলার চেষ্টা করে। তবে দ্রুত পরিস্থিতি সামলানো গিয়েছে। আমরা ঘটনার তদন্ত করছি।’

    গত শনিবার থেকে নিখোঁজ ছিল শিমুলগুড়ির ১৫ বছরের শুভজিৎ মোদক। মঙ্গলবার রাত দু'টো নাগাদ শুভজিতের মৃতদেহ উদ্ধার হয় সুকনা বন বিভাগের অন্তর্গত একটি চা বাগান থেকে। শুভজিতের এক নাবালক বন্ধু ও রাজের বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ত্রিকোণ প্রেমের ঘটনাকে কেন্দ্র করেই শুভজিতের সঙ্গে রাজ ও অন্য এক নাবালকের মাঝে গন্ডগোল ছিল।

    গত একমাস আগে শুভজিতের সঙ্গে রাজ ও অন্যান্যদের মারামারি হয়। শুভজিতের দিদি অম্বিকা বিশ্বাসের অভিযোগ, ‘সেই সময়ে ভাইকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। সেই মতো পরিকল্পনা করেই ভাইকে খুন করা হয়েছে।’ এই ঘটনার তদন্তে নেমে পুলিশ নাবালককে গ্রেপ্তার করে মঙ্গলবার জুভেনাইল আদালতের মাধ্যমে দার্জিলিং-এর একটি হোমে পাঠায় পুলিশ।

    মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয় রাজকে। আজ তাকে আদালতে নিয়ে আসা হলে তার ফাঁসির দাবিতে সরব হন এলাকার বাসিন্দারা। আগে থেকেই অবশ্য এলাকার কয়েকশো বাসিন্দা আদালত চত্বরে উপস্থিত হয়েছিলেন। প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান বাসিন্দারা। সেই সময়েই এই ঘটনার অভিযুক্তের উপরে হামলা চালানো হয় এবং অভিযুক্তকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ।

  • Link to this news (এই সময়)