• সপ্তাহ শেষ হলেই গ্রীষ্ম? পারদ কত চড়বে, বড় আপডেট হাওয়া অফিসের
    আজ তক | ১১ ফেব্রুয়ারি ২০২৬
  • ফেব্রুয়ারির শুরুতেই রাজ্যে শীতের দাপট অনেকটাই কমে এসেছে। জানুয়ারিতে যেখানে পারদ দ্রুত নামছিল, এখন সেখানে উল্টো চিত্র, তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী। আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, শীতের বিদায় ঘণ্টা কার্যত বেজে গিয়েছে। বিশেষ করে দিনের বেলায় শীতের অনুভূতি ক্রমশ কমবে। উইকেন্ডে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। রবিবারের মধ্যে দিনের শীত প্রায় উধাও হয়ে যাওয়ার সম্ভাবনা।

    কলকাতার আবহাওয়া
    কলকাতায় আপাতত ভোর ও রাতে হালকা শীতের আমেজ বজায় থাকবে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.০ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ২৯ থেকে ৮৪ শতাংশের মধ্যে ওঠানামা করছে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ১৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

    আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাত দিন আকাশ মূলত পরিষ্কার থাকবে। সকালের দিকে হালকা শিশির বা সামান্য কুয়াশার সম্ভাবনা থাকলেও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। পুরো সপ্তাহ জুড়েই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া
    দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম। অনেক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ২ ডিগ্রি নীচে। তবে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) থেকে পারদ বাড়তে শুরু করবে। আবহাওয়াবিদদের অনুমান, পরবর্তী তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

    সকালে হালকা শিশির বা কুয়াশা থাকতে পারে। তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবহাওয়া থাকবে শুষ্ক। এই সপ্তাহে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

    উত্তরবঙ্গের আবহাওয়া
    উত্তরবঙ্গেও ঘন কুয়াশার সতর্কতা আপাতত নেই। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশি।

    সর্বনিম্ন তাপমাত্রায় বড় পরিবর্তনের ইঙ্গিত নেই। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা থাকবে ৪ থেকে ৬ ডিগ্রির মধ্যে। কালিম্পং ও পার্শ্ববর্তী এলাকায় ৮ থেকে ১২ ডিগ্রি। শিলিগুড়ি, মালদহ প্রভৃতি জেলায় ১৪ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে পারদ। তবে উইকেন্ডের দিকে এখানেও তাপমাত্রা কিছুটা বাড়বে।
     

     
  • Link to this news (আজ তক)