• ছাব্বিশে ১ দফায় ভোট? সব পার্টির সঙ্গে কথা বলে যা শুনল bangla.aajtak.in
    আজ তক | ১১ ফেব্রুয়ারি ২০২৬
  • আরও পিছিয়ে গিয়েছে রাজ্যে SIR পরবর্তী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। ২৮ ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট প্রকাশিত হবে। তারপরই ১ অথবা ২ মার্চ রাজ্যে আসবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেই সময়েই ভোটের দিন ঘোষণার সম্ভাবনা। তবে ১, ২, ৩ না একাধিক, কত দফায় ছাব্বিশের নির্বাচন হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে। আগামী ৪ মে রাজ্য বিধানসভার মেয়াদ ফুরোবে। তার আগে ভোট এবং ফলাফল সহ সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেক্ষেত্রে এবার কি দফা কমবে? জল্পনা নিয়ে কী বলছে রাজনৈতিক দলগুলি? তৃণমূল, বাম, কংগ্রেস এবং BJP কত দফায় ভোট চাইছে, bangla.aajtak.in-এ জানালেন দলের নেতারা। 

    কত দফায় ভোট চাইছে তৃণমূল?
    দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'গতবারই বাড়াবাড়ি করেছিল। ৮ দফায় ভোট চেয়েছিল। করোনার মধ্যে ৮ দফায় ভোট করিয়ে করোনা ছড়িয়েছিল নির্বাচন কমিশন। আমরা বারবার বারণ করেছিলাম। ভেবেছিল ৮ দফায় ভোট করলে BJP-র সুবিধা। এখন আবার বলছে কম। এরা মানুষের স্বার্থ দেখে না। এরা দিশাহীন হয়ে গিয়েছে। হারবে এমনিতেই।' তিনি আরও বলেন, '৮ দফাতেও আমাদের সমস্যা হয়নি, ১ দফাতেও হবে না। কারণ আমরা মানুষের সঙ্গে থাকি। মানুষ আমাদের ভোট দেবেন।'

    কংগ্রেসের কী বক্তব্য?
    দলের মুখপাত্র সুমন রায়চৌধুরী বলেন, 'আমরা স্বচ্ছ, স্বাভাবিক এবং শান্তিপূর্ণ ভোট চাইছি। ১ দফা, ২ দফা বা ১০ দফা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। একটাই মাথাব্যথা যাতে কোনও প্রাণহানি না হয়। কেন্দ্রীয় বাহিনী ঘুরবে-ফিরবে, নাগরদোলা চড়বে চলে যাবে। অখিলিত বোঝাপড়া রয়েছে কেন্দ্রীয় শাসকদল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। ছাপ্পায় বাধা দিয়ে বিরোধীদের মারধর করা হয়। আমরা চাই এই অবস্থার বদল হয়। দফা কমলে তো সমস্যা হবে মমতা বন্দ্যোপাধ্যায়েরই।'

    ১ দফা ভোট চায় বামেরা?
    CPIM কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, 'নির্বাচন তো বরাবর ১ দফাতেই হত। সেটাই রেওয়াজ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন, তখন শুরু করলেন, অনেক দফায় ভোট না হলে ভোট শান্তিপূর্ণ হচ্ছে না। এখন তো ৭ দফায় ভোট হয়, অশান্তি কি কমেছে? নির্বাচন কমিশন যদি এক দফায় ভোট করতে চায় করতেই পারে। কারণ ৭ দফায় শান্তি আর এক দফা হলে অশান্তি এই মনোভাব ভুল। এক দফায় নির্বাচন করলে আমাদের আপত্তি নেই, আমাদের মত চাইলে বলব।'

    BJP-র কী দাবি?
    দলের নেতা রাহুল সিনহা বলেন, 'এখনও পর্যন্ত তো ৮ দফায় ভোট হয়েছে। কোনও দফারফা হয়নি। সেই কারণেই নির্বাচন কমিশন যেটা উচিত বুঝবে আমরা তাতেই রাজি। সেটা ১ দফা হলে ১ দফা, ২ দফা হলে ২ দফা, BJP সবেতেই প্রস্তুত।'

     
  • Link to this news (আজ তক)