আজকাল ওয়েবডেস্ক: কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর তৎপরতায় বড়সড় সাফল্য মিলল উত্তরবঙ্গের রায়গঞ্জে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে এসটিএফ ও রায়গঞ্জ জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)-এর একটি যৌথ দল অভিযান চালিয়ে মাদক পাচারকারী এক ১৮ বছরের যুবককে গ্রেফতার করেছে। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৭০০ গ্রাম হেরোইন। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুলিশের এসটিএফ সম্প্রতি একটি নির্ভরযোগ্য গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে উত্তরবঙ্গের রায়গঞ্জে বিপুল পরিমাণ মাদক পাচারের চেষ্টা চলছে। সেই তথ্যের ভিত্তিতে দ্রুত যৌথ অভিযান সংগঠিত করা হয়। বুধবার সকালে রায়গঞ্জ থানার অন্তর্গত শিলিগুড়ি মোড় এলাকায় নজরদারি চালানো হয়।
অভিযানের সময় সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি চালানো হলে, তাঁর কাছে থাকা একটি প্লাস্টিকের টিফিন বক্সের ভিতর থেকে সাতটি প্যাকেট উদ্ধার হয়। প্যাকেটগুলি খুলে দেখা যায়, তার মধ্যে রয়েছে হেরোইন। মোট ওজন প্রায় ৭০০ গ্রাম বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। এরপর যুবককে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার হওয়া অভিযুক্তের নাম মহম্মদ সাব্বির শেখ। তাঁর বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার খাসচাঁদপুর গ্রামে। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবক একটি আন্তঃজেলা মাদক চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে। এই মাদক কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে রায়গঞ্জ থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশের এই সাফল্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ও তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক পাচার রুখতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।