মাধ্যমিক দিতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, মানিকচকে গুরুতর জখম দুই পরীক্ষার্থী
আজ তক | ১২ ফেব্রুয়ারি ২০২৬
Madhyamik Exam Accident Malda:মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ল দুই পরীক্ষার্থী। মঙ্গলবার সকালে মালদহের মানিকচক থানার খয়েরতলা এলাকায় এই ঘটনা ঘটে। পরীক্ষার দিন এমন দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নুরপুর হাই স্কুলের দুই ছাত্র রাজেশ খান ও রাশিদ খান এদিন ভৌত বিজ্ঞান পরীক্ষা দিতে মানিকচকের মথুরাপুর বিএসএস হাই স্কুলের নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল। পরিবারের পক্ষ থেকে নিরাপদ যানবাহনে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও তারা মোটরবাইকে রওনা দেয়।
অভিযোগ, খয়েরতলা এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে তাদের বাইক। সংঘর্ষের জেরে দু’জনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার করে তাঁদের মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রাজেশ খানের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাশিদ খানও গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন।
আহত এক ছাত্রের বাবা এসরাউল খান বলেন, “ছেলেকে টোটোতে করে পাঠানোর ব্যবস্থা করেছিলাম। বারণ করা সত্ত্বেও ওর বন্ধু জোর করে মোটরবাইকে নিয়ে যায়। এমন দুর্ঘটনা ঘটবে ভাবতেই পারিনি।”
ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। দুর্ঘটনার সময় ডাম্পারটি কেন রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।