দেবব্রত দাস: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের। স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত জালান কমপ্লেক্সে।
পুলিস সূত্রে জানা গেছে মুর্শিদাবাদের বাসিন্দা রাহুল শেখ তার স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন জালান কমপ্লেক্সের তিন নম্বর গেটের পাঁচ নম্বর লেনে। দুজনেই কাজ করতেন গেঞ্জি কারখানায়। এই কারখানারই ঠিকাদার রোশন কুমারের সাথে রাহুলের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। এই নিয়ে ওই দম্পতির মধ্যে বিবাদ চরমে ওঠে।
স্বামীর চাপে বাধ্য হয়ে ঠিকাদারের বিরুদ্ধে ডোমজুর থানায় গতকাল শ্লীলতাহানির অভিযোগ করেন মহিলা। পুলিশ ঠিকাদারকে গ্রেফতার করে। কিন্তু এরপরেও স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা থামেনি। তারপরই আজ ঘর থেকে স্ত্রীর দেহ উদ্ধার হয়।
ঘটনার পর থেকেই স্বামী রাহুল শেখ পলাতক। সেই কারণেই পুলিশের সন্দেহ এটা খুনের ঘটনা। ডোমজুর থানার পুলিস তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।