আজকাল ওয়েবডেস্ক: গরমের ছুটিতে ঘুরতে যাওয়ার জন্য ইতিমধ্যেই দূরপাল্লার ট্রেনে বুকিং শুরু হয়েছে। ভ্রমণপিপাসুরাও ঘুরতে যাওয়ার টিকিট কেটেছেন এখন থেকেই। কিন্তু ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই এল খারাপ খবর। রেলের তরফে জানানো হয়েছে, আগামী এপ্রিল মাসে একের পর এক দূরপাল্লার ট্রেন বাতিল থাকবে। ফেব্রুয়ারিতেই আগেভাগে নোটিশ দিয়ে ঘোষণা করা হয়েছে রেলের তরফে।
দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, নাগপুর ডিভিশনে উন্নয়নমূলক কাজের জন্য শালিমার–লোকমান্য তিলক টার্মিনাস (এলটিটি) মুম্বই রুটের একাধিক ট্রেন সাময়িকভাবে বাতিল করা হচ্ছে। পূর্বে দেওয়া তথ্যের আংশিক সংশোধন করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
রেলের প্রকাশিত তালিকা অনুযায়ী—১৮০৩০ শালিমার–এলটিটি মুম্বই এক্সপ্রেস: ৪ এপ্রিল ২০২৬ থেকে ২৪ এপ্রিল ২০২৬ পর্যন্ত সম্পূর্ণ বাতিল থাকবে।
১৮০২৯ এলটিটি মুম্বই–শালিমার এক্সপ্রেস: ৬ এপ্রিল ২০২৬ থেকে ২৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত বাতিল থাকবে।
১২১০১ এলটিটি মুম্বই–শালিমার এক্সপ্রেস: ৪, ৬, ৭, ১০, ১১, ১৩, ১৪, ১৭, ১৮, ২০ ও ২১ এপ্রিল ২০২৬-এ বাতিল থাকবে।
১২১০২ শালিমার–এলটিটি মুম্বই এক্সপ্রেস: ৬, ৮, ৯, ১২, ১৩, ১৫, ১৬, ১৯, ২০, ২২ ও ২৩ এপ্রিল ২০২৬ তারিখে বাতিল ঘোষণা করা হয়েছে।
রেলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নাগপুর ডিভিশনে চলমান উন্নয়নমূলক পরিকাঠামো সংক্রান্ত কাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের ভোগান্তি এড়াতে আগাম টিকিট বাতিল বা বিকল্প ট্রেনের ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে। যাত্রীদের সর্বশেষ আপডেটের জন্য ভারতীয় রেলের সরকারি ওয়েবসাইট বা নিকটবর্তী রেল স্টেশনে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।