অয়ন ঘোষাল: সকালে ও রাতে শীতের আমেজ কমছে, বাড়ছে তাপমাত্রা। উইকেন্ডে সর্বনিম্ন তাপমাত্রা আরও ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রবিবারের মধ্যে দিনের বেলায় শীত কার্যত উধাও হবে। ঘন কুয়াশার সতর্কতা আপাতত আর নেই। উত্তরবঙ্গের সব জেলাতেই সকালের দিকে কিছুক্ষণ হালকা থেকে মাঝারি কুয়াশা। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে।দৃশ্যমানতা সকালের দিকে হাজার মিটারের মধ্যে থাকতে পারে কিছু জায়গায়। দক্ষিণবঙ্গে হালকা কুয়াশার সম্ভাবনা। কলকাতা সহ বাকি জেলাতে খুব হালকা শিশির বা কুয়াশার সামান্য সম্ভাবনা সকালের দিকে।
সিস্টেম
উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব ও উত্তর পূর্ব দিকে সরে যাচ্ছে। ,তবে পর পর দুটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। আগামীকাল ১৩ ফেব্রুয়ারি শুক্রবার এবং ১৬ ফেব্রুয়ারি সোমবার দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসার প্রবল সম্ভাবনা।
দক্ষিণবঙ্গ
সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়ল। শীতের আমেজ ক্রমশ কমবে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি মত নীচে রয়েছে বিভিন্ন জেলাতে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি নীচে সর্বনিম্ন তাপমাত্রা। তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। পরবর্তী তিন দিনে দু-ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
কলকাতায় ক্রমশ উর্ধ্বমুখী হবে পারদ। পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। সকালের দিকে হালকা শিশির কিংবা কুয়াশা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া। এই সপ্তাহে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় সকালের দিকে হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা।
উত্তরবঙ্গ
উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা আপাতত থাকছে না। সব জেলার ই বেশ কিছু এলাকায় হালকা/মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা। আগামী তিন চার দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই। দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং কোচবিহার জেলাতে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে আগামী দু-তিন দিন।
উত্তরবঙ্গেও সামান্য বাড়বে তাপমাত্রা। উইকেন্ডে সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রা দুটোই বাড়তে পারে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গের উপরের দিকে কালিম্পং সহ সমতলের জেলাতে ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। মালদা সহ নিচের দিকের জেলাতে ১৪ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা এই উইকেন্ডে।
কলকাতা
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের সামান্য উপরে। রাতে ও সকালে হালকা শীতের অনুভূতি। শীতের আমেজ ক্রমশ কমছে। আজকেও ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা।
কলকাতার তাপমান
আজ সর্বনিম্ন সকালে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৩৬ থেকে ৮২ শতাংশ।
ভিন রাজ্যে
গত ২৪ ঘণ্টায় কেরালার কন্নুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পশ্চিম রাজস্থানের পালিতে ৬.২ ডিগ্রি সেলসিয়াস। আজ ঘন কুয়াশার সতর্কতা হিমাচল প্রদেশে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরের সমুদ্র উত্তল থাকবে। সমুদ্রে ঝড়ের গতিবেগ ৪৫ থেকে ৫৫ কিলোমিটার হতে পারে।