অনেক ক্ষেত্রেই শোনা যায় বাংলা ছবির ট্রেন্ড বদলেছে। দর্শককে হলমুখী করতে বাংলা ছবির পাশে থাকার স্লোগান উঠেছে। কিন্তু অনেকাংশেই উল্টো চিত্রও ধরা পড়ে। ছবির ব্যবসা কমেছে। একই ধরনের ছবি দেখতে দেখতে দর্শক কিছুটা ক্লান্ত— এমন অভিযোগের কথাও শোনা যায়। এই আবহে দর্শককে অভিনব, ছকভাঙা ছবি উপহার দিতে চলেছেন পরিচালক রঞ্জন ঘোষ। রঞ্জন পরিচালিত ‘অদম্য’ মুক্তি পাবে শীঘ্রই। রঞ্জনের এই ছবির নিবেদক অপর্ণা সেন। রঞ্জনের কথায়, ‘প্রায় এক যুগ ধরে আমি ‘অদম্য’র ধারণা নিজের মধ্যে ধারণ করেছি। আমার মনে হয়েছে একটি রাজনৈতিক ছবি হওয়া জরুরি। দলগত রাজনীতি নয়, রাজনৈতিক বার্তা সমৃদ্ধ ছবি, যা এখন চোখে পড়ে না।’
কবি সুকান্ত ভট্টাচার্যের ‘দেশলাই কাঠি’ আধারিত ছবি ‘অদম্য’। অভিনয় করেছেন আরিয়ুন ঘোষ। এই ছবি তৈরি করতে বেগ পেতে হয়নি? পরিচালকের উত্তর, ‘ভয় পেলে কোনও কাজকেই জয় করা যাবে না। যে ছবির নাম ‘অদম্য’, সেই ছবির জন্য সাহসী পদক্ষেপ নিতেই হবে। ছবি ঘিরে আমি আশাবাদী। দর্শক সবসময় নতুন বিষয় ভাবনার ছবি দেখতে চান। আশা করি দর্শক এই ছবিতে নতুন স্বাদ পাবেন।’