আকাশপথে আরও বাড়ছে ভারতের শক্তি। ‘অপারেশন সিঁদুর’-এ মুনিরের পাক সেনাকে ঘোল খাওয়ানো যুদ্ধবিমান— রাফালের (Rafale jets) ভাঁড়ার শীঘ্রই আরও বৃদ্ধি পেতে চলেছে। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর (French President Emmanuel Macron) সফরের আগেই ফরাসি এই যুদ্ধবিমান কেনার মেগা ডিল অনুমোদন দিল প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল (DAC)। বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের (Defence Minister Rajanth Singh) নেতৃত্বাধীন এই কাউন্সিল ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার অনুমোদন দিয়েছে বলে খবর। নতুন করে এই যুদ্ধবিমানগুলি কিনতে খরচ হবে ৩.২৫ লক্ষ কোটি টাকা।
জানা গিয়েছে, শুধু রাফাল নয়, ভারতীয় নৌবাহিনীর (Indian Navy) জন্য ৬টি P8i বিমান কেনার চুক্তিও অনুমোদিত হয়েছে। এই মাসের শেষের দিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ভারত সফরে আসছেন। আশা করা হচ্ছে যে চুক্তিটি তখনই স্বাক্ষরিত হতে পারে।
নয়া প্রস্তাব অনুযায়ী, মোট ৮৮টি সিঙ্গল-সিট এবং ২৬টি ডাবল-সিটের Rafale jets নিতে চাইছে ভারত। শুধু তাই নয়, রাফালের মূল অংশটি তৈরি করবে ডাসল্ট এভিয়েশন, বাদ বাকি ৮০ শতাংশ ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির অধীনে ভারতেই তৈরি হবে। সূত্রের খবর, ১৮টি রাফাল ফ্রান্স থেকে তৈরি হয়ে আসবে। বাকি ৯৬ জেট এখানেই তৈরি করা হবে।
উল্লেখ্য, বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর (Indian Air Force) হাতে ৩৬টি রাফাল রয়েছে, যা ২০১৬ সালের চুক্তির আওতায় ফ্রান্স থেকে আনা হয়। কিন্তু ভারতীয় বিমান বাহিনীর প্রয়োজনের তুলনায় তা খুবই অল্প। রাফাল জেটগুলিতে স্ক্যাল্প ক্ষেপণাস্ত্র, মেটিওর এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র এবং হ্যামার প্রিসিশন-গাইডেড বোমা-সহ উন্নত অত্যাধুনিক অস্ত্র রয়েছে। ‘অপারেশন সিঁদুর’-এ পাক সীমান্ত পেরিয়ে আকাশপথে অভিযানে গুরুত্বপূর্ণ ছিল এদের ভূমিকা।