• ‘এই শেষ সুযোগ...’, ভারতে ফেরার জন্য বিজয় মাল্যকে কড়া বার্তা বম্বে হাইকোর্টের
    এই সময় | ১২ ফেব্রুয়ারি ২০২৬
  • বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন আর্থিক তছরুপে অভিযুক্ত পলাতক ব্যবসায়ী বিজয় মাল্য। বৃহস্পতিবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আদালতকে এড়িয়ে যাচ্ছেন বিজয় মাল্য।

    বিচারপতি অলোক আরাধে এবং বিচারপতি গৌতম আঙ্খারের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, বিজয় মাল্যকে ‘একটা শেষ সুযোগ’ দেওয়া হচ্ছে। তিনি যেন স্পষ্ট করে জানান, তিনি আদৌ ভারতে ফিরতে চান কি না। দেশে না ফিরলে তাঁর আবেদন শোনা হবে না বলে জানিয়েছে আদালত।

    বিজয় মাল্যকে Fugitive Economic Offenders Act-এ পলাতক তছরুপকারী (fugitive economic offender) হিসেবে দাগিয়ে দেওয়া হয়েছে। এর বিরোধিতা করে মামলা দায়ের করেছিলেন বিজয় মাল্য। ওই আইনেরই সাংবিধানিক ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে তিনি মামলা করেছিলেন। সেই মামলায় শুনানিতেই এমন পর্যবেক্ষণ বম্বে হাইকোর্টের। গত ডিসেম্বরেই বেঞ্চ স্পষ্ট করেছিল যদি বিজয় মাল্য ভারতে ফিরে এসে ভারতের আইনি ব্যবস্থার সামনে দাঁড়ান তাহলেই তাঁর আবেদন শোনা হবে।

    সংবাদমাধ্যম সূত্রের খবর, বম্বে হাইকোর্ট জানিয়েছে, বিজয় মাল্যকে দেশে ফিরতে হবে। যদি আপনি না ফেরেন, তাহলে এই আবেদন আদালত শুনবে না। আদালতের প্রক্রিয়া এড়াতে চাইছেন বিজয়। তাই আইনি প্রক্রিয়ার সুবিধা তিনি পাবেন না। তাঁর কথা ভেবে এই মামলা খারিজ করা হচ্ছে না। তাঁকে আদালত আরও একটি সুযোগ দিচ্ছে।

    ED-র হয়ে এই মামলায় লড়েছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তাঁর সওয়াল, বিজয় মাল্য এই আইনকে তখনই চ্যালেঞ্জ করেছেন, যখন তিনি পলাতক হিসেবে চিহ্নিত হয়ে গিয়েছেন। লন্ডন থেকে বিজয় মাল্যকে ফেরত আনার প্রক্রিয়া যখন এগিয়েছে, তখনই মাল্য এই মামলা করেছেন বলে দাবি তুষার মেহতার। তাঁর দাবি, মাল্য যে কোনও সময়ে ভারতে ফিরতে পারেন। এই দেশে এসেই তিনি মামলা লড়তে পারেন।

  • Link to this news (এই সময়)