নিপা (Nipah Virus) আক্রান্ত সেই ফিমেল নার্সের মৃত্যু। বৃহস্পতিবার বিকেলে বারাসতের বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ভেন্টিলেশন থেকে বেরিয়েছিলেন জানুয়ারির শেষে। তবে নানা সমস্যায় ভুগছিলেন তিনি। সূত্রের খবর, অটোনোমিক নার্ভাস সিস্টেম কাজ করছিল না ভালো করে। দীর্ঘ সময় কোমায় থাকায় ইমিউনিটিও তলানিতে চলে গিয়েছিল। তার উপরে ফুসফুসে সংক্রমণ হয়। বৃহস্পতিবার দুপুরে মৃত্যু হয় তাঁর।
চলতি বছরের শুরুতেই এ রাজ্যে নিপার সংক্রমণের খবর আসে। উত্তর ২৪ পরগনা থেকে একজন ব্রাদার নার্স ও একজন সিস্টার নার্সের আক্রান্ত হওয়ার খবরে আতঙ্ক ছড়ায়। সেই ব্রাদার নার্স জানুয়ারির শেষ সপ্তাহেই হাসপাতাল থেকে ছুটি পান।
ভেন্টিলেশন থেকে বেরোলেও কোমাতে ছিলেন পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা ২৫ বছর বয়সি ওই মহিলা নার্স। হসপিটাল অ্যাকোয়ার্ড নোসোকোমিয়াল ইনফেকশন হয় তাঁর। চোখ খোলার চেষ্টা, শরীর টানটান করে ফেলার পাশাপাশি হাত-পা নাড়া, কথা বলার চেষ্টাও করছিলেন। হঠাৎই এ দিন অবস্থার অবনতি হয়। বৃহস্পতিবার বিকেল ৪টে ২০ নাগাদ বারাসতের ওই বেসরকারি হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।