• প্রেম দিবসেই শীত বিদায়, তারপর ৭ দিনে কত ডিগ্রি চড়বে?
    আজ তক | ১২ ফেব্রুয়ারি ২০২৬
  • সকাল-রাতে এখনও শীতের হালকা আমেজ থাকলেও, ধীরে ধীরে বদলাচ্ছে আবহাওয়ার ছবি। বাড়ছে তাপমাত্রা, কমছে শীতের দাপট। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সপ্তাহান্তেই কলকাতা সহ বহু জেলার পারদ আরও ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। রবিবারের মধ্যে দিনের বেলায় কার্যত শীত উধাও হওয়ার ইঙ্গিত মিলেছে।

    ভোরের কুয়াশা আর হিমেল হাওয়ায় এখনও শীতের ছোঁয়া টের পাওয়া যাচ্ছে। কলকাতা থেকে জেলাগুলোতেও দিনের শুরু হচ্ছে ঠান্ডা আবহেই। তবে আবহাওয়াবিদদের মতে, এটি শীতের শেষ ঝলক। আর কয়েক দিনের মধ্যেই রাজ্যজুড়ে উষ্ণতার প্রভাব স্পষ্ট হবে।

    আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। শনিবার থেকেই এই পরিবর্তন চোখে পড়তে পারে। উত্তুরে হাওয়ার প্রভাব কমে আসায় রাতের ঠান্ডা কমবে এবং দিনের তাপমাত্রাও ক্রমশ বাড়বে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া
    কলকাতা-সহ হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় আগামী সাত দিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কোথাও কোথাও সকালে হালকা কুয়াশা দেখা দিতে পারে, তবে ঘন কুয়াশার আশঙ্কা কম।

    উত্তরবঙ্গেও একই চিত্র
    উত্তরবঙ্গেও আগামী তিন দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টির পূর্বাভাস নেই। পাহাড় ও ডুয়ার্সে সকালে হালকা কুয়াশা থাকতে পারে, তবে সারাদিন আবহাওয়া থাকবে শুষ্ক।

    ১৪ ফেব্রুয়ারি থেকে উষ্ণতার স্পষ্ট ইঙ্গিত
    হাওয়া অফিস জানাচ্ছে, ১৪ ফেব্রুয়ারি থেকে তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা আরও পরিষ্কার হবে। বিশেষ করে দক্ষিণবঙ্গে উষ্ণতা দ্রুত বাড়তে পারে। অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে থেকেই শীত কার্যত বিদায়ের পথে হাঁটবে।

     
  • Link to this news (আজ তক)