পুলিশের সাইবার হেল্পলাইন চালু হতেই নজিরবিহীন সাড়া
দৈনিক স্টেটসম্যান | ১৩ ফেব্রুয়ারি ২০২৬
পুলিশ জানিয়েছে, সবচেয়ে বেশি অভিযোগ এসেছে মোবাইল বা ডিভাইস হ্যাক হওয়ার আশঙ্কা নিয়ে। পাশাপাশি ভুয়ো হোটেল বুকিং ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ বা লিয়েন চিহ্নিত হওয়া সংক্রান্ত সমস্যার কথাও জানিয়েছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ইনস্টাগ্রাম ও ফেসবুকের শপিং লিঙ্কে প্রতারণার অভিযোগও উঠে এসেছে একাধিকবার।
এ ছাড়া বিনিয়োগের নাম করে প্রতারণা, ভুয়ো ঋণ সংক্রান্ত ফাঁদ, এমনকি বিভিন্ন পুলিশ সংস্থার পরিচয় দিয়ে ফোন করে ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর চেষ্টার মতো গুরুতর অভিযোগও এসেছে হেল্পলাইনে। কয়েক বছর আগের পুরনো সাইবার মামলায় টাকা উদ্ধারের উপায় জানতে চেয়েও ফোন করেছেন বহু মানুষ। এমনটাই দাবি পুলিশের।
অনেকেই আবার পশ্চিমবঙ্গের সাইবার সেল ও সাইবার ক্রাইম থানার যোগাযোগ নম্বর এবং এখতিয়ার সম্পর্কেও তথ্য জানতে চেয়েছেন। পুলিশের মতে, হেল্পলাইনের এই বিপুল সাড়া প্রমাণ করছে যে, সাইবার নিরাপত্তা নিয়ে মানুষের সচেতনতা বাড়ছে। ভবিষ্যতে আরও দ্রুত পরিষেবা দিতে পরিকাঠামো জোরদার করার কথাও ভাবা হচ্ছে।