প্রকাস্য রাস্তায় এক ব্যবসায়ীকে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। উত্তরাখণ্ডের দেরাদুনে বৃহস্পতিবার ভোরের এই ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, অর্জুন শর্মা নামে মৃত ওই ব্যবসায়ীর গ্যাসের গোডাউন রয়েছে। পারিবারিক একটি জমি বিক্রি করা নিয়ে মায়ের সঙ্গে দীর্ঘদিন ধরেই অশান্তি হচ্ছিল অর্জুনের। পুলিশের দাবি, অশান্তির জেরেই ভাড়াটে খুনি দিয়ে ছেলেকে খুন করিয়েছেন মা। ঘটনার তদন্ত করছে পুলিশ।
দুই দেশের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক ভালো রাখতে এপ্রিলে চিন সফরে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সাংবাদিক সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কথা জানিয়েছেন। চিনের সঙ্গে আমেরিকার বর্তমান সম্পর্কের কথা বলে প্রেসিডেন্ট জানিয়েছেন, ‘আমাদের সঙ্গে বেজিংয়ের সম্পর্ক এখন বেশ ভালো।’ যদিও, এপ্রিল মাসের চিন সফরে কী কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে, তা এখনও জানা যায়নি।
সাইবার প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেইশাম নিংথেমজাও সিং (৬৩) নামে ওই ব্যক্তি মণিপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ২০২৫ সালের অগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে কেরালার এক ব্যক্তিকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতারণা করে প্রায় ১.৮৪ কোটি টাকা হাতিয়ে নিয়েছে অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আগে কংগ্রেসের হয়ে ভোটেও দাঁড়িয়ে ছিলেন। ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করছে পুলিশ। আর কেউ এই ঘটনার সঙ্গে জড়িত কি না তাও তদন্ত করে দেখা হচ্ছে।