অয়ন ঘোষাল: এসে গেল আজকের আবহাওয়া-খবর। খবর মোটেই সুখবর নয়। তা ক্রমশ গরমের ইঙ্গিত দিচ্ছে। চলে যাচ্ছে শীত। কেমন থাকবে ভ্যালেন্টাইনস ডে (valentines day weather) এবং মহা শিবরাত্রির (shivaratri weather) ওয়েদার?
উষ্ণ ভ্যালেন্টাইন্স?
বসন্তেই চাঁদিফাটা গরম। উষ্ণ ভ্যালেন্টাইন্স ডে'র ইঙ্গিত। দিনের সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে-বাড়তে প্রায় ৩০-এর ঘরে। রাতের পারদ ক্রমশ চড়ছে। আগামী ৬ দিনের মধ্যে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ছুঁই ছুঁই হতে চলেছে। মার্চ থেকেই বসন্ত গায়েব হয়ে ঘোরতর গরমের ইঙ্গিত হওয়া অফিসের। রবিবারের পরে শুধুমাত্র ভোরের সময়টুকু বাদ দিলে ন্যূনতম শীতের আমেজ বলে আর কিছু অবশিষ্ট থাকবে না।
কুয়াশাহীন রুদ্র রুক্ষ দিন
রাজ্যে কোথাও আর ঘন কুয়াশার সতর্কতা নেই। উত্তরবঙ্গের সব জেলাতেই সকালের দিকে কিছুক্ষণ হালকা থেকে মাঝারি কুয়াশা। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। দৃশ্যমানতা সকালের দিকে হাজার মিটারের মধ্যে থাকতে পারে কিছু জায়গায়। দক্ষিণবঙ্গে হালকা কুয়াশার সম্ভাবনা। কলকাতা-সহ বাকি জেলায় খুব হালকা শিশির বা কুয়াশার সামান্য সম্ভাবনা সকালের দিকে।
দু'টি পশ্চিমি ঝঞ্ঝা
উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমি ঝঞ্ঝা ক্রমশ পূর্ব ও উত্তর পূর্ব দিকে সরে যাচ্ছে। পরপর দুটি পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। আজ, ১৩ ফেব্রুয়ারি শুক্রবার এবং ১৬ ফেব্রুয়ারি সোমবার দু'টি পশ্চিমি ঝঞ্ঝা আসার প্রবল সম্ভাবনা।
শীতের আমেজ ভ্যানিশ
সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়ল। শীতের আমেজ ক্রমশ কমবে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি। রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দু ডিগ্রি মতো নীচে রয়েছে বিভিন্ন জেলায়। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় স্বাভাবিকের তুলনায় দু ডিগ্রি নিচে সর্বনিম্ন তাপমাত্রা। তাপমাত্রা আরও কিছু বাড়বে। পরবর্তী তিন দিনে দু-ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের।
তাপমাত্রা ঊর্ধ্বমুখী উত্তরবঙ্গে
উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা আপাতত থাকছে না। সব জেলারই বেশ কিছু এলাকায় হালকা/মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা। আগামী তিন চার দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই। দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং কোচবিহার জেলায় কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে আগামী দু-তিন দিন। উত্তরবঙ্গেও এবার বাড়বে তাপমাত্রা। উইকেন্ডে সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রা দুটোই বাড়তে পারে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তরবঙ্গের উপরের দিকে কালিম্পং-সহ সমতলের জেলায় ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। মালদা-সহ নীচের দিকের জেলায় ১৪ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা এই উইকেন্ডে।
এল নিনো'র ভেলকি
ভেলকি দেখাতে শুরু করল 'এল নিনো ২০২৬'। কেরালার কন্নুরে সর্বোচ্চ তাপমাত্রা গতকাল পৌঁছে গেল ৩৭.২ ডিগ্রিতে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পশ্চিম রাজস্থানের পালিতে ৬.২ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার সতর্কতা হিমাচল প্রদেশে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরের সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে দমকা হাওয়ায় গতিবেগ ৪৫ থেকে ৫৫ কিলোমিটার হতে পারে।