আজকাল ওয়েবডেস্ক: ওপার বাংলায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের পথে বিএনপি। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও, মোদি থেকে মমতা, তারেক রহমানকে জয়ের শুভেচ্ছা জানিয়েছেন। এপার বাংলার মুখ্যমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেকভাইকে, তাঁর দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।'
শুধু তাই নয়, বাংলাদেশের এই নির্বাচন জয়ের দিনেই, ওপার বাংলার সঙ্গে এপার বাংলার সুসম্পর্কের বার্তাও মমতার শুভেচ্ছা বার্তায়। লিখেছেন, 'আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।'
ঘণ্টাখানেক আগেই, বাংলাদেশের ফলাফল একপ্রকার নিশ্চুত হতেই সমাজ মাধ্যম এক্স-এ পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথমে ইংরেজি ও পরে বাংলায় পোস্ট করে তারেক রহমানকে "উষ্ণ অভিনন্দন" জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।
কী লিখলেন তাতে?
ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, 'বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে নির্ণায়ক জয়লাভের জন্য আমি জনাব তারেক রহমানকে আমার উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। এই জয় আপনার নেতৃত্বে বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে তার সমর্থন অব্যাহত রাখবে। আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করা এবং আমাদের অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলি এগিয়ে নিয়ে যাওয়ার অভিপ্রায়ে আপনার সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা রাখছি।'