ফেব্রুয়ারিতেই চাঁদিফাটা রোদ? কত ডিগ্রি হবে? হাওয়া অফিসের পূর্বাভাসে উদ্বেগ
আজ তক | ১৩ ফেব্রুয়ারি ২০২৬
ফেব্রুয়ারির মাঝামাঝি সময়েই কলকাতায় ৩০-৩১ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে পারদ। শীতের বিদায় ঘণ্টা কার্যত বেজে গিয়েছে। লেপ-কম্বল গুছিয়ে রাখার সময় এসে গেছে বলেই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা আরও বাড়বে। বর্তমানে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬-১৭ ডিগ্রির ঘরে থাকলেও তা শিগগিরই ১৯ ডিগ্রিতে পৌঁছতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০-৩১ ডিগ্রির ঘরে উঠতে পারে, ফলে দিনের বেলায় গরম বেশ অনুভূত হবে।
আজ, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের মতে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই শীতের অনুভূতি কমছে। উত্তর-পশ্চিমের পার্বত্য অঞ্চলে একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে, যা ধীরে ধীরে সরে যাচ্ছে। আজ, শুক্রবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। সোমবার ফের আরেকটি ঝঞ্ঝার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গেও ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে। আগামী দুই দিনে পারদ ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আপাতত দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার কোনও সতর্কতা নেই।
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে কুয়াশার প্রকোপ বেশি থাকবে। দার্জিলিংয়ে তাপমাত্রা এখন ৫ থেকে ৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। উত্তরবঙ্গের সমতল জেলাগুলিতে তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রির মধ্যে থাকবে।