• কেরালার সেনা শিবির থেকে রহস্যজনকভাবে উধাও ১০০ বছরের পুরোনো হাতির দাঁত
    এই সময় | ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  • সেনার ক্যাম্প থেকেই এক জোড়া হাতির দাঁত চুরি হয়েছে বলে অভিযোগ। এই ঘটনাটি ঘটেছে কেরালার (Kerala) তিরুবনন্তপুরমের (Thiruvananthapuram) পানগোড (Pangode) এলাকায় থাকা সেনা শিবিরে। বিষয় জানার পরেই তদন্ত শুরু করেছে পুলিশ। সেনার কেউ এর সঙ্গে জড়িত কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে সেনাও।

    পুলিশ সূত্রে খবর, চুরি যাওয়া হাতির দাঁত দু'টির বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। বুধবার রাতে ওই চুরির ঘটনা ঘটেছে। এই নিয়ে সেনার তরফে অভিযোগ জানানো হয়েছে পূজাপ্পুরা (Poojappura) থানায়।

    জানা গিয়েছে, বুধবার রাতে ওই সেনা ক্যাম্পের (Army camp) অফিসার মেসে একটি ডিজে পার্টির আয়োজন করা হয়। ওই পার্টিতে কয়েক জন বহিরাগতও গিয়েছিলেন।

    শুক্রবার, পূজাপ্পুরা থানার এক আধিকারিক জানিয়েছেন, সেনার তরফে এই নিয়ে অভিযোগ দায়ের হওয়ার পরে তদন্ত শুরু হয়েছে। সেনার তরফে জানানো হয়েছে, শিবিরের মধ্যে থাকা অফিসারদের মেসে হাতির দাঁত দু'টি সাজানো ছিল। প্রায় ১০০ বছর আগে সেখানকার প্রশাসনের তরফে দাঁত দু'টি সেনার হাতে তুলে দেওয়া হয়েছিল। কিন্তু ওই অনুষ্ঠানের পর থেকেই হাতির দাঁত দু'টি পাওয়া যাচ্ছে না।

    পুলিশের ওই আধিকারিক বলেন, ‘সেনার তরফে আমাদের জানানো হয়েছে পার্টির জন্য আলো এবং সাউন্ড সিস্টেম সাজানোর জন্য কয়েক জন বহিরাগত এসেছিলেন। ওই ব্যক্তিরাই এই চুরির সঙ্গে জড়িত কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। সেনার কেউ এর সঙ্গে যুক্ত আছেন কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।’

    সেনার ওই ক্যাম্পে কড়া নিরাপত্তা থাকে। এ ছাড়াও সেখানে প্রবেশের ক্ষেত্রে নানা রকম বিধিনিষেধ আছে। ওই সুরক্ষা বলয়ের মধ্যে কী ভাবে হাতির দাঁত (elephant tusks) বাইরে নিয়ে আসা হয়েছে তাও দেখছেন তদন্তকারীরা। ওই ক্যাম্পের ভিতরের এবং কাছাকাছি থাকা সিসিটিভি ফুটেজও (CCTV footage) খতিয়ে দেখা হচ্ছে।

    সেনার এক আধিকারিক জানিয়েছেন, পুলিশের পাশাপাশি তাঁরা নিজেরাও সমান্তরাল ভাবে অভ্যন্তরীণ তদন্ত (internal probe) শুরু করেছেন। দুষ্কৃতীদের ধরার জন্য কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

  • Link to this news (এই সময়)