• সাড়ে ৬ লক্ষ টাকার সোনার গহনা নিয়ে চম্পট দুষ্কৃতী!
    আজকাল | ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: গ্ৰাহক সেজে দোকানে ঢুকে গহনা নিয়ে চম্পট দিল দুষ্কৃতী। সিঙ্গুরের বেড়াবেড়ি এলাকায় আতঙ্ক। দিনের বেলাতেই এই ঘটনা ঘটার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গহনা চুরি করে বেরিয়ে যাওয়ার ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ৷ তদন্ত শুরু করে৷ 

    অন্যান্য দিনের মতোই বেলা ৯টা নাগাদ দোকান খোলেন স্বর্ণ ব্যবসায়ী সজ্ঞয় পোলেন‌। সিঙ্গুরের বেড়াবেড়ি গ্ৰামে একেবারে রাস্তার পাশেই তাঁর দোকান। জানা গিয়েছে, বেলা সাড়ে ১০টা নাগাদ টুপি পরা একজন লোক তাঁর দোকানে ঢুকে গহনা দেখতে চান। দোকান মালিক সজ্ঞয়ের দাবি, ক্রেতা একের পর এক গহনা দেখতে চায়। তাকে গহনা দেখাবার সুযোগে বেশ কিছু সোনার গহনা হাত সাফাই করে পকেটে ঢুকিয়ে নেয় ক্রেতা সেজে আসা দুস্কৃতী। একাধিকবার গহনা পকেটে ঢোকাবার পর দোকান থেকে ছুটে বাইরে বেরিয়ে যায় দুষ্কৃতী।

    অন্যদিকে বাইরে রাস্তার ধারে মোটরবাইক নিয়ে অপেক্ষা করছিল একজন। তার গাড়িতে চেপে চম্পট দেয় দুষ্কৃতীরা। বিষয়টি বুঝতে পেরে দোকান থেকে বাইরে এসে চেঁচামেচি করলেও দুষ্কৃতীরা গাড়ি নিয়ে তখন পগারপাড়। গোটা ঘটনাটা ধরা পড়েছে দোকানের সিসিটিভি ক্যামেরায়। এরপরেই ব্যবসায়ী পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিঙ্গুর থানার পুলিশ। দোকানের সিসিটিভি ক্যামেরা এবং আশেপাশের একাধিক রাস্তার সিসিটিভি ক্যামেরার ছবি সংগ্ৰহ করে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ।।

    ব্যবসায়ী সজ্ঞয় পোলেনর দাবি, "ক্রেতা সেজে আসা দুস্কৃতী হিন্দি ভাষায় কথা বলছিল। প্রথমে কানের রিং দেখতে চায়। তারপর একের পর এক গহনা দেখতে চায়। তার মধ্যেই প্রায় সাড়ে ৬ লক্ষ টাকার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতি। এই ঘটনার পর থেকে সব দোকানদারই আতঙ্কে থাকবে।"

    পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে ইতিমধ্যেই জোর তদন্ত শুরু হয়েছে। দ্রুত অভিযুক্তকে পাকড়াও করতে তল্লাশি জারি রয়েছে৷ 
  • Link to this news (আজকাল)