• জেলাশাসকদের কড়া বার্তা দিল নির্বাচন কমিশন
    আজকাল | ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের সব জেলার জেলাশাসকদের কড়া সতর্কবার্তা দিল জাতীয় নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল ১১টা থেকে এক বিশেষ বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

    সেই বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়ে দেন, কোনও ভুল বা অপ্রাসঙ্গিক নথি আপলোড কোনওভাবেই বরদাস্ত করা হবে না।

    কমিশনের তরফে বলা হয়েছে, ‘আপনারা ভাববেন না যে দায় এড়িয়ে পালিয়ে যেতে পারবেন। আজ না হলেও আগামী দু’বছর পরেও কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে।’

    উল্লেখ্য, বিভিন্ন জেলা থেকে অভিযোগ এসেছে যে নথি যাচাইয়ের ক্ষেত্রে গুরুতর গাফিলতি হচ্ছে। কোথাও সংবাদপত্রকে ডকুমেন্ট হিসেবে আপলোড করা হয়েছে, আবার কোথাও পাসপোর্টের পরিবর্তে ফাঁকা কাগজ জমা পড়েছে।

    বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলাশাসকদের উদ্দেশে ভুল নথির উদাহরণ তুলে ধরে সতর্ক করা হয় বলে সূত্রের খবর।

    আদিবাসী অধ্যুষিত এলাকায় প্রয়োজনীয় নথি না থাকলে স্থানীয় প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট তৈরি করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

    প্রয়োজনে জেলাশাসকরা সুপারিশসহ নথি পাঠাতে পারবেন বলেও জানানো হয়েছে। জানা গিয়েছে, এদিনের বৈঠকে এসআইআর সংক্রান্ত কাজ নিয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

    মুখ্য নির্বাচন কমিশনার বলেন, এই কাজ অত্যন্ত সতর্কভাবে ও নিখুঁতভাবে সম্পন্ন করতে হবে। অপ্রাসঙ্গিক তথ্য বা নথি আপলোড করা যাবে না এবং অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে নির্দিষ্ট নথির বাইরে অন্য কোনও কাগজ গ্রহণ করা যাবে না।

    কমিশনের নির্দেশ অনুযায়ী, ইতিমধ্যেই নিষ্পত্তি হওয়া মামলাগুলিও পুনরায় যাচাই করতে হবে, যাতে ভোটার তালিকায় কোনও অনৈতিকভাবে নাম অন্তর্ভুক্ত না হয় বা বৈধ ভোটারের নাম যেন বাদ না পড়ে।

    কমিশন স্পষ্ট জানিয়েছে, তাদের ‘উচ্চ স্তরের কাজ’ প্রয়োজন এবং প্রতিটি জেলা প্রশাসনকে নির্দেশ অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।
  • Link to this news (আজকাল)